Earthquake

ফের কাঁপল জাপান, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৭, স্বল্প সময়ের জন্য রইলো সুনামি সতর্কতা

ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে উত্তর-পূর্ব জাপানে ৬.৭ মাত্রার কম্পন অনুভূত হয়। আওমরির উপকূলে ২০ কিলোমিটার গভীরে ছিল কেন্দ্রস্থল।

জাপানে ফের ভূমিকম্প।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
দিল্লি
  • শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ১২:৪৪

ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। জাপানের স্থানীয় সময় অনুসারে শুক্রবার সকাল ১১টা ৪৪ মিনিট এ জাপানের উত্তর-পূর্বাংশে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৭। ঘটনার পরই প্রশান্ত মহাসাগর সংলগ্ন উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

জাপানের আবহবিজ্ঞান সংস্থা জেএমএ জানিয়েছে, আওমরি প্রদেশের পূর্ব সমুদ্র উপকূলেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। যা ছিল মাটির প্রায় ২০ কিলোমিটার গভীরে। অঞ্চলটি মূল দ্বীপ হনসুর উত্তর অংশে অবস্থিত। ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ ঠিক কতটা তা এখনও নিশ্চিত নয়। তবে হোক্কাইডো, আওমরি, আইওয়েট ও মিয়াগি—প্রশান্ত মহাসাগর ঘেঁষা এই চার অঞ্চলে সুনামির জেরে সমুদ্রের জল ১ মিটার পর্যন্ত উচ্চতা হতে পারে বলে সতর্ক করা হয়েছিল।

চলতি সপ্তাহের শুরুতেই প্রবল কম্পনে কেঁপে উঠেছিল জাপান। গত সোমবার ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশের উত্তর-পূর্বাঞ্চলে। সেদিনও জারি হয়েছিল সুনামি সতর্কতা। বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হল জাপান। প্রশান্ত মহাসাগরের অগ্নিবলয় বা ‘রিং অফ ফায়ার’-এর উপর অবস্থান দেশটির অবস্থান। তাই বছরে গড়ে প্রায় দেড় হাজার ভূমিকম্পের সম্মুখীন হয় দেশটি। সোমবারের কম্পনে প্রাণহানির ঘটনা না ঘটলেও আহত হন ৩৪ জন। উল্লেখ্য, ২০১১ সালে ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।


Share