Election Commission

নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার ভিডিয়ো কনফারেন্স করবে নির্বাচন কমিশন, জেলাভিত্তিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নির্দেশ

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা ভোটের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ, বাহিনী মোতায়েনের প্রাথমিক পরিকল্পনা এবং প্রশাসনিক সমন্বয়ের বিষয়গুলি এই বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে। এই বৈঠকের সভাপতিত্ব করবেন মণীশ গর্গ। পাশাপাশি উপস্থিত থাকবেন বরিষ্ঠ উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, পবন কুমার শর্মা এবং কমিশনের অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।

নির্বাচন কমিশন
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ১১:১৭

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার করতে সোমবার রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিক এবং পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করতে চলেছে নির্বাচন কমিশন। বিকেল ৪টে থেকে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই বৈঠক হবে। সবাইকে পৃথক ভাবে লিঙ্ক পাঠানো হবে বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আসন্ন বিধানসভা ভোটের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ, বাহিনী মোতায়েনের পরিকল্পনা এবং প্রশাসনিক সমন্বয়ের বিষয়গুলি এই বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে। এই বৈঠকের সভাপতিত্ব করবেন মণীশ গর্গ। পাশাপাশি উপস্থিত থাকবেন উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, পবনকুমার শর্মা এবং কমিশনের অন্যান্য শীর্ষ আধিকারিকেরা।

রাজ্যের সব জেলা নির্বাচন আধিকারিক এবং সংশ্লিষ্ট জেলা পুলিশ প্রশাসনকে নির্ধারিত সময়ে বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের তরফে জানানো হয়েছে, প্রতিটি জেলার পক্ষ থেকে একটি যৌথ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করতে হবে, যেখানে জেলা নির্বাচন আধিকারিক এবং পুলিশ সুপার বা পুলিশ কমিশনার উভয়ের মতামত দেবেন। তথ্য সহকারে তা দিতে হবে।

কমিশন আরও জানিয়েছে, মূল পর্যালোচনা বৈঠক শেষ হওয়ার পরে জেলা নির্বাচন আধিকারিক ও পুলিশ কর্তাদের জন্য একটি সংক্ষিপ্ত প্রশিক্ষণ সেশনও হবে। সেই প্রশিক্ষণ দেবেন জাতীয় স্তরের প্রশিক্ষকেরা। সেখানে নির্বাচনী প্রক্রিয়ার সংক্রান্ত বিভিন্ন প্রযুক্তিগত ও প্রশাসনিক দিক আরও স্পষ্ট ভাবে বোঝানো হবে। ভিডিয়ো কনফারেন্সে যোগদানের লিঙ্ক আলাদা করে পাঠানো হবে বলে কমিশন জানিয়েছে। রাজ্যে ভোটের দিনক্ষণ ঘোষণার আগে ধারাবাহিক প্রশাসনিক তৎপরতার মধ্যে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।


Share