Assembly Election

দীর্ঘদিন এলাকায় না দেখতে পাওয়ায় স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ, গাড়ি ভাঙচুরের অভিযোগ

এলাকার এক বিজেপির নেতা বলেন, “একাধিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে আরামবাগ এলাকা। কোনও সময় মিতালি বাগকে অঞ্চলে দেখা যায় না। শুনেছি, তাঁকে বারবার বললেও তিনি কানে নেন না। এটা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তৃণমূলের চুরির ফল। তিনি জনরোষের শিকার হয়েছেন।“

স্থানীয়দের বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ।
নিজস্ব সংবাদদাতা, আরামবাগ
  • শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ ০২:১১

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার আগেই উত্তপ্ত হুগলির আরামবাগ। স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয় তৃণমূল সাংসদ মিতালি বাগ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকায় সাংসদের দেখা মিল ছিল না। সেই ক্ষোভেই ফেটে পরেন স্থানীয় বাসিন্দারা। গোঘাটের ভিকদাস এলাকায় ঘটনাটি ঘটেছে। সাংসদের অভিযোগ, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে।

জানা গিয়েছে, সোমবার আরামবাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিল আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সেই সময় স্থানীয় বাসিন্দাদের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করে। সূত্রের খবর, তাঁদের পরিষেবা নিয়ে দাবিদাওয়া কথা জানানোর জন‍্য গাড়ি থেকে নামতে বলেন। কিন্তু তিনি গাড়ি থেকে না নামায় ক্ষোভ বাড়তে থাকে। তার পরেই তাঁর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়।

ইতিমধ্যেই সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, ভাঙচুরের সময় তিনি ঘটনাস্থলেই দাঁড়িয়ে রয়েছেন। গাড়ি চালককে দাঁড়িয়ে থাকার জন্য নির্দেশও দিচ্ছেন। পেছনে থাকা কেউ চালককে অনুরোধ করে গাড়ির চালিয়ে বেরিয়ে যেতে বলছেন।

আরামবাগের তৃণমূল সাংসদের দাবি, তিনি গুরুতর জখম হয়েছেন। সাংসদের অভিযোগ, স্থানীয়েরা বিজেপির মদতে হামলা করেছে। বর্তমানে তাঁকে আরামবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পরে আরামবাগের তৃণমূল মিতালি সমাজমাধ্যমে লাইভ করে পুরো ঘটনার কথা জানিয়েছেন। মিতালি বলেন, “আমি সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাচ্ছিলাম। দেখুন কী ভাবে বিজেপি আমার গাড়ি ভাঙচুর করেছে। এখনও ভোট শুরু হয়নি। তার আগেই দেখুন এক জন মহিলার কণ্ঠরোধ করা হচ্ছে কী ভাবে। আমার শরীরে কাচ ফুটে রয়েছে।” ঘটনায় তিনি কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। ঘটনার যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন মিতালি।

এলাকার এক বিজেপির নেতা বলেন, “বিজেপির কোনও যোগ নেই এখানে। একাধিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে আরামবাগ এলাকা। কোনও সময় মিতালি বাগকে অঞ্চলে দেখা যায় না। শুনেছি, তাঁকে বারবার বললেও তিনি কানে নেন না। এটা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তৃণমূলের চুরির ফল। তিনি জনরোষের শিকার হয়েছেন।“

তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, “রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরামবাগে ভোটের প্রচারে গিয়েছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যেই তৃণমূল সাংসদ মিতালি বাগের উপর হামলা চালায় বিজেপি। আমাদের সাংসদকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে।”


Share