Election 2026

‘কাউন্ট ডাউন শুরু, এ বার আর তৃণমূলকে কেউ বাঁচাতে পারবে না,’ ব্রিগেডের সমাবেশ থেকে পরিবর্তনের ডাক নরেন্দ্র মোদীর

প্রধানমন্ত্রী বলেন, “এই আত্মবিশ্বাস আমি ব্রিগেডে আসা মানুষের চোখে দেখতে পাচ্ছি। এটা বাংলার আত্মাকে বাঁচানোর লড়াই। ভয়মুক্তির লড়াই। ইংরেজদের বিরুদ্ধে ব্রিগেডের ময়দান থেকে আওয়াজ উঠেছিল। তার পরে তাঁরা শেষ হয়েছে। এই ব্রিগেড বলছে, ‘বদল সামনেই’।”

বক্তব‍্য রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০৬:৫৯

শনিবারের ব্রিগেড বিজেপির সমাবেশ থেকে তৃণমূলকে একের পর আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বললেন, “রাজ্যের মহাজঙ্গলরাজের কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে।” শনিবার নির্ধারিত সময়ে রাজ‍্যে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। তার পরে বিজেপির সভামঞ্চে হাজির হয়ে একাধিক আক্রমণ শানিয়েছেন।

শনিবারের সকাল থেকেই ব্রিগেডের সমাবেশে ভিড় জমাতে শুরু করেন বিজির কর্মীরা। এ দিনের সমাবেশ থেকে তৃণমূলকে প্রধানমন্ত্রী বলেন, “আসল চোর কে তা পশ্চিমবঙ্গের মানুষ জানে। আমি দেখতে পাচ্ছি, তাঁদের চেয়ার চলে যাচ্ছে। তাই তাঁরা পাগল হয়ে গিয়েছে।” দ্বিতীয় হুগলি সেতুতে কাজ হবে, সেই মর্মে গতকাল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় কলকাতা ট্রাফিক পুলিশ। সেই প্রসঙ্গও উত্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “আপনাদের আসতে দেবে না বলে ব্রিজ বন্ধ করে দিয়েছে। পোস্টার ছিঁড়ে দিয়েছে। নির্মম সকরকার (তৃণমূল) দেখে নাও, তাও জনগণকে আটকাতে পারোনি।”

এর পরেই তিনি ‘মহাজঙ্গলরাজ’ শব্দের উল্লেখ করেন। আগেও তৃণমূলকে নিশানা করে একই সুরে আক্রমণ করেছিল। এ দিনও তিনি একই ভাবে আক্রমণ করে বলেন, “তৃণমূল জমানার শেষের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। সেই দিন আর বেশি বাকি নেই, যেখানে আইনের শাসন হবে। কোনও অত‍্যাচারীকে ছাড়া হবে না। তৃণমূলেরও নয়। তৃণমূলের যত শক্তি আছে লাগিয়ে দিক। নির্মম সরকার (তৃণমূল) আর কিছু করতে পারবে না। রামকৃষ্ণ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ যেমন রাজ‍্য চেয়েছিলেন তা-ই হবে।” তাঁর কথায়, রাজ‍্যে বিজেপি ক্ষমতায় এলেই তা সম্ভব। তৃণমূল আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে না বলেও দাবি করেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য, কিছু লোকে বলবে, ‘বিজেপি আসবে না’। কেউ কেউ ভয় দেখাবে। তাঁরা বলবে, ‘বদল হবে না’। জনতার মনে যা রয়েছে, তা কেউ আটকাতে পারবে না বলেও দাবি করেন তিনি। তিনি বলেন, “এই আত্মবিশ্বাস আমি ব্রিগেডে আসা মানুষের চোখে দেখতে পাচ্ছি। এটা বাংলার আত্মাকে বাঁচানোর লড়াই। ভয়মুক্তির লড়াই।” প্রধানমন্ত্রীর দাবি, “ইংরেজদের বিরুদ্ধে ব্রিগেডের ময়দান থেকে আওয়াজ উঠেছিল। তার পরে তাঁরা শেষ হয়েছে। এই ব্রিগেড বলছে, ‘বদল সামনেই’।” সরকার বদল করতে হবে বলে মানুষের মনে তা ছেপে গিয়েছে। এখানেই নির্মম সরকারের (তৃণমূল) অন্ত হবে বলেও ব্রিগেডের জনসভা থেকে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Share