Assembly Election

ভোটে নজরদারি কেমন হবে? কলকাতার তিনটি থানা পরিদর্শন করলেন কমিশনার অজয় নন্দ, আধিকারিকদের বুঝিয়ে দিলেন দায়িত্ব

গত ১৬ মার্চ কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকে অপসারন করে দেয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নিয়োগ করা হয় আইপিএস অজয়কুমার নন্দকে। তিনি ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন তিনি।

কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ এবং যুগ্ম কমিশনার (অপরাধ) রূপেশ কুমার।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মার্চ ২০২৬ ০৯:১৫

শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। সেই লক্ষ‍্য পূরণ করতে থানায় নিয়ে আধিকারিকদের বুঝিয়ে দিলেন কলকাতা পুলিশের কমিশনার অজয়কুমার নন্দ। রবিবার দুপুর থেকে মোট তিনটি থানায় যান তিনি। সেখানে গিয়ে ওসি এবং থানার বাকি পুলিশ কর্মীদের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

রাজ্যে দু’দফায় হবে নির্বাচন। ভোটে পুলিশের ভূমিকা কী হবে তা ইতিমধ্যেই কমিশন জানিয়েছে। কমিশনের সেই বার্তা যাতে কলকাতা পুলিশের অধীনে থাকা সমস্ত থানা পর্যন্ত যাতে পৌঁছে যায়, তা নিয়ে উদ্যোগী হলেন কলকাতা পুলিশের নতুন কমিশনার অজয়কুমার নন্দ।

ভাঙড়ে নির্বাচনের সময় একাধিক বার উত্তপ্ত হয়েছে। এ দিন তিনি প্রথমে সেখানেই যান। ভাঙড় থানার ওসি, অতিরিক্ত ওসি এবং বাকি আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তার পরে বিকেল ৫টা নাগাদ হেয়ার স্ট্রিট থানায় যান। সেখানেও ওসি-সহ বাকি আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে যান বৌবাজার থানায়। সেখানেও কমিশনের নির্দেশ নীচুতলার পুলিশ আধিকারিক এবং কর্মীদের মধ্যে পৌঁছে দেন।

রবিবার হেয়ার স্ট্রিট থানা থেকে বেরিয়ে পুলিশ কমিশনার অজয়কুমার নন্দ বলেন, “থানায় এসে পুলিশ অফিসারদের সঙ্গে কথা বলছি। কী করতে হবে তা বিস্তারিত জানিয়েছি। কমিশন নির্দেশ দিয়েছে, কী ভাবে ভোট হবে। ছ’টি লক্ষ্য রয়েছে।” কী সেই লক্ষ্য, তা-ও জানিয়েছেন কলকাতা পুলিশের কমিশনার। তিনি বলেন, ‘‘কমিশন জানিয়েছে, যেখানে ভোট হবে, সেখানে হিংসা হবে না, কোনও হুমকি দেওয়া যাবে না। ছাপ্পা হবে না। বুথ জ্যামিং হবে না। সব থানাকে সিনিয়র অফিসার ব্রিফিং করছেন। সেই লক্ষ্য পূরণ করব।” তিনি জানান, সেই লক্ষ্য পূরণের জন্য ইতিমধ্যে তদারকি শুরু হয়েছে। থানায় সর্বস্তরের কর্মীদের বিষয়টি জানাচ্ছেন সিনিয়র অফিসারেরা।

গত ১৬ মার্চ কলকাতা পুলিশের কমিশনার পদ থেকে সুপ্রতিম সরকারকে অপসারন করে দেয় নির্বাচন কমিশন। তাঁর জায়গায় নিয়োগ করা হয় আইপিএস অজয়কুমার নন্দকে। তিনি ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ছিলেন তিনি। মাওবাদী জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তাঁর। আসানসোল-দুর্গাপুরের কমিশনার হিসাবেও কাজ করেছেন একসময়। ছিলেন কলকাতা পুলিশেও। এর আগে পশ্চিমবঙ্গ এসটিএফ-এর প্রথম আইজি নিযুক্ত হয়েছিলেন তিনি। তার পর থেকে এ বার কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকায় ভোট করানো নিয়ে মুখ খুললেন তিনি।


Share