Assembly Election

অতীতের নির্বাচনে কোথায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে? থানাভিত্তিক তালিকা চেয়ে রাজ‍্য পুলিশকে নির্দেশ দিল নির্বাচন কমিশন

যে থানা এলাকায় এই ঘটনা ঘটেছে, সেই সময় ওই থানা কোন পুলিশ আধিকারিকের দায়িত্বে ছিল তা-ও জানতে চেয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে কমিশনের কাছে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

রাজনৈতিক হিংসার ঘটনা জানতে চাইল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০২:২২

গত বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের আগে কোথায় রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেছে তা থানাভিত্তিক তালিকা তৈরি করে পাঠানোর নির্দেশ দিল নির্বাচন কমিশন। ভোটগ্রহণের দিন এবং ভোটের পরেও কোথায় এমন হিংসার ঘটনা ঘটেছে তা-ও দিতে বলা হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রাজ্য পুলিশের এডিজি (আইন) আনন্দ কুমার এবং রাজ্য পুলিশের নোডাল অফিসারকে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে। কমিশনের নির্দেশ, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে, ভোট ঘোষণার পরে, ভোটগ্রহণের দিন, ভোটের পরে রাজ‍্যের কোথায় কোথায় রাজনৈতিক হিংসা বা সংঘর্ষের ঘটনা ঘটেছে তা বিস্তারিত জানাতে হবে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে হিংসার ঘটনাও জানতে চাওয়া হয়েছে। থানাভিত্তিক পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করে কমিশনে পাঠাতে বলা হয়েছে। যে থানা এলাকায় এই ঘটনা ঘটেছে, সেই সময় ওই থানা কোন পুলিশ আধিকারিকের দায়িত্বে ছিল তা-ও জানতে চেয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে কমিশনের কাছে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালের ২ মে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা দিন কাঁকুড়গাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুন হন। ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের হয়। হাই কোর্টের নির্দেশে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। ঘটনায় নাম জড়ায় বেশ কিছু তৃণমূল নেতা, দুই তৃণমূল কাউন্সিলর, বিধায়কের। তৎকালীন মানিকতলা থানার ওসি, এক মহিলা সাব-ইন্সপেক্টর এবং এক হোমগার্ডের নামে আদালতে চার্জশিট দিয়েছিল সিবিআই। এ বার এমন ঘটনা রুখতে তৎপর নির্বাচন কমিশন। নির্বাচনী হিংসা একেবারেই যে বরদাস্ত হবে না তা বারে বারে স্পষ্ট করেছেন দেশের মুখ‍্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। 

প্রসঙ্গত, রবিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেই সঙ্গেই নির্বাচনমুখী পশ্চিমবঙ্গে আদর্শ আচরণবিধি জারি হয়ে গিয়েছে। নির্বাচন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত সমস্ত প্রশাসনিক কর্তা থেকে আধিকারিকেরা ডেপুটেশনে চলে গিয়েছেন। তাঁদের পরিচালনার দায়িত্ব কমিশনের কাছেই ন‍্যস্ত রয়েছে।


Share