Uri Infiltration Foile

‘অপারেশন ডিগ্গি ২’-এ কাশ্মীরে জঙ্গি খতম, উরিতে অনুপ্রবেশের ছক ভেস্তে দিল সেনা

তল্লাশির সময় জঙ্গলের ঘন ঝোপের মধ্যে সন্দেহজনক নড়াচড়া দেখতে পান সেনা জওয়ানরা। সেনা সদস্যরা এগিয়ে যেতেই লুকিয়ে থাকা জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, উরি
  • শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৬ ০৩:৪৯

উরি সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনা। শনিবার গভীর রাত থেকে রবিবার ভোরের মধ্যে চালানো যৌথ অভিযানে এক পাকিস্তানি জঙ্গি নিহত হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, ‘অপারেশন ডিগ্গি ২’ নামে এই অভিযানে অংশ নেয় চিনার কর্পস এবং জম্মু ও কাশ্মীর পুলিশ। গোয়েন্দা সূত্রে অনুপ্রবেশের সম্ভাব্য খবর পাওয়ার পরই অভিযান শুরু হয়।

তল্লাশির সময় জঙ্গলের ঘন ঝোপের মধ্যে সন্দেহজনক নড়াচড়া দেখতে পান সেনা জওয়ানরা। সেনা সদস্যরা এগিয়ে যেতেই লুকিয়ে থাকা জঙ্গি এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব দেয় সেনা, এবং সংঘর্ষে ওই জঙ্গি নিহত হয় বলে জানিয়েছে চিনার কর্পস।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে একটি একে রাইফেল, একটি পিস্তল এবং বিপুল পরিমাণ গুলি উদ্ধার করা হয়েছে। নিরাপত্তাবাহিনী জানিয়েছে, এলাকায় এখনও তল্লাশি অভিযান চলছে।

এর আগে ১০ মার্চ নৌসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের আরেকটি চেষ্টা ব্যর্থ করে সেনা। সেই অভিযানে হোয়াইট নাইট কর্পসের হাতে এক পাকিস্তান-সমর্থিত জঙ্গি নিহত হয়।

পরদিন ১১ মার্চ পুঞ্চ জেলায় প্রায় ৪ কেজি বিস্ফোরক উদ্ধার হয়। যদিও ওই বিস্ফোরকের সঙ্গে সাম্প্রতিক অনুপ্রবেশের ঘটনার সরাসরি যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। এর আগেও ১ মার্চ সীমান্তে ড্রোন অনুপ্রবেশের একটি চেষ্টা ব্যর্থ করেছিল ভারতীয় সেনা।


Share