Chief Secretary Transferred

ভোট ঘোষণা হতেই রাজ্যে মুখ‍্যসচিব পদ থেকে অপসারিত নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব পদে রদবদল করল নির্বাচন কমিশন

ভোট ঘোষণার পরেই রাজ্য প্রশাসনের শীর্ষপদে রদবদল করল নির্বাচন কমিশন। আগামীকাল দুপুরের মধ্যেই নবনিযুক্ত দুই দফতরের দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বদলি হওয়া দুই আধিকারিকে নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্বে রাখা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

ভোট ঘোষণা হতেই শীর্ষপদে রদবদল করল নির্বাচন কমিশন।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৬ মার্চ ২০২৬ ০১:০৮

ভোট ঘোষণা হতেই রাজ‍্যের মুখ‍্যসচিব এবং স্বরাষ্ট্রসচিব পদ থেকে রদবদল করল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে জগদীশ প্রসাদ মিনাকে। এর আগের নির্বাচনে ডিজি পদে রদবদল করেছিল। তবে মুখ‍্যসচিব এবং স্বরাষ্ট্রসচিবের মতো প্রশাসনের শীর্ষ পদে রদবদল নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন দুষ্মন্ত নারিয়ালা। তিনি বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ছিলেন তিনি। একই সঙ্গে তিনি উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ও কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব সামলেছেন। অন্যদিকে, রাজ‍্যের নতুন স্বরাষ্ট্রসচিব হলেন সঙ্ঘমিত্রা ঘোষ। তিনি স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক দফতরের প্রধান সচিব ছিলেন। আগামীকাল সোমবার দুপুর ৩টের মধ্যে তাঁরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছে কমিশন। কমিশন এ-ও জানিয়েছে, নন্দিনী চক্রবর্তী এবং জগদীশ প্রসাদ মিনাকে নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনও নির্বাচন সংক্রান্ত কোনও দায়িত্ব দেওয়া যাবে না।

ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই রাজ্যে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে গিয়েছে। এই সময়ে কমিশনের হাতে বিশেষ ক্ষমতা ন্যস্ত থাকে। রাজ্য সরকারের আমলা, আধিকারিক, পুলিশকর্তাদের বদলির নির্দেশ দিতে পারে কমিশন। অতীতেও বিভিন্ন পুলিশকর্তা এবং সরকারি আধিকারিক বদল করেছে কমিশন। নির্বাচনের আগে পুলিশ সুপার, কলকাতার পুলিশ কমিশনার বদলেরও নজির রয়েছে। তবে এই পর্যায়ের পরিবর্তন সাম্প্রতিক সময়ে কবে হয়েছে, মনে করতে পারছেন না কেউই।

অতীতে ২০১৯ সালের লোকসভা ভোটের সময়ে পশ্চিমবঙ্গের তৎকালীন স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টাচার্যকে সরায় কমিশন। ওই সময় কমিশনের অভিযোগ ছিল, অত্রি নির্বাচনী প্রক্রিয়ায় এমন কিছু পদক্ষেপ করেছিলেন, যা কমিশনের নির্দেশের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। পুলিশকর্তা রাজীব কুমারকেও ওই বছর লোকসভা ভোটের সময়ে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল কমিশন। রাজীব তখন ছিলেন সিআইডি-র অতিরিক্ত মহাপরিদর্শক পদে। তবে রাজ্যের মুখ্যসচিবকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার নজির সাম্প্রতিক অতীতে অন্তত নেই বলে মনে করছে প্রশাসনিক মহল।


Share