Assembly Election

দেগঙ্গায় আইএসএফ নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আইএসএফ নেতা হাবিবুর রহমান তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুললেও তা অস্বীকার করেছে তৃণমূল।

আইএসএফ নেতার বাড়ির সামনে বোমা উদ্ধার।
নিজস্ব সংবাদদাতা, হাড়োয়া
  • শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ০৪:২২

বৃহস্পতিবার প্রথম দফার ভোট সম্পন্ন হয়েছে। সামনেই দ্বিতীয় দফার নির্বাচন। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছে। এরই মধ্যে উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় আইএসএফ নেতার বাড়ি থেকে বোমা উদ্ধার হয়েছে। 

শুক্রবার সকালে হাড়োয়া বিধানসভার অন্তর্গত গোবর্ধনপুর এলাকায় আইএসএফ নেতা হাবিবুর রহমানের বাড়ির সামনে থেকে দু’টি তাজা বোমা উদ্ধার হয়। পরিবারের দাবি, সকালে দরজা খুলতেই বোমা পড়ে থাকতে দেখা যায়। মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় আইএসএফ কর্মীদের অভিযোগ, এর আগেও দলের একাধিক সদস্যের বাড়ির সামনে একইভাবে বোমা রাখা হয়েছিল। তাদের দাবি, বিরোধী দলের কর্মী হওয়ায় তৃণমূলের লোকজনই এই কাজ করছে।

হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পর কিছুই টের পাননি। সকালে কাজে বেরোতে গিয়ে বাড়ির সামনে বোমা পড়ে থাকতে দেখেন। এই ঘটনার জন্য তিনি তৃণমূলকেই দায়ী করেছেন। ঘটনায় তিনি প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।যদিও সমস্ত অভিযোগই তৃণমূল কংগ্রেসের তরফে অস্বীকার করা হয়েছে। স্থানীয় নেতা মিজানুর হোসেন মুকুলের দাবি, ঘটনাটি সম্পূর্ণ ভিত্তিহীন। আইএসএফ কর্মীরাই নিজেদের স্বার্থে এই অভিযোগ তুলছে। ইতিমধ্যেই দেগঙ্গা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share