Assembly Election

২০০ ছাড়িয়ে যাবে বিজেপির আসন সংখ্যা! হরিণঘাটার নির্বাচনী জনসভায় দাবি অসমের মুখ্যমন্ত্রীর

হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থী অসীমকুমার সরকারের সমর্থনে হিংনারা দরাপপুর হাই স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়।

বিজেপি প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
নিজস্ব সংবাদদাতা, হরিণঘাটা
  • শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০২৬ ১০:২৯

একদিকে প্রথম দফা নির্বাচন অন্যদিকে নেতা-নেত্রীদের রাজনৈতিক ভাষণে কার্যত টানটান উত্তেজনা রইল সারা রাজ্যজুড়ে। বৃহস্পতিবার নদিয়ার হরিণঘাটায় ঝাঁঝালো ভাষণ দিয়ে তৃণমূলকে আক্রমণ করে হিমন্ত বিশ্বশর্মা। অসমের মুখ্যমন্ত্রীর দাবি, ২৬শের বিধানসভা নির্বাচনে বিজেপির আসন সংখ্যা ২০০ ছাড়িয়ে যাবে। 

হরিণঘাটা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে এসেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। বিজেপি প্রার্থী অসীমকুমার সরকারের সমর্থনে হিংনারা দরাপপুর হাই স্কুল মাঠে জনসভার আয়োজন করা হয়। সেই জনসভা থেকে তৃণমূলকে তিনি আক্রমণ শানালেন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল পরিচালিত সরকারকে কড়া ভাষায় বিঁধে বলেন, “আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি ২০০-র বেশি আসন জিতে ক্ষমতায় আসবে।”

সভামঞ্চে উঠে রাজ‍্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে কটাক্ষ করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তিনি প্রতিশ্রুতি দেন, “বিজেপি ক্ষমতায় এলে কর্মহীনদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে। সরকারি কর্মীদের ৪৫ দিনের মধ্যে ৫০ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া হবে।” এমনকী, কৃষকদের জন্য ধানের সহায়ক মূল্য তিন হাজার ১০০ টাকা করার কথাও ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

ভাষণের এক পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হিমন্ত বলেন, "রাজনৈতিক লড়াইয়ে তিনি পিছিয়ে পড়বেন না।" তৃণমূলের ‘মা-মাটি-মানুষ’ স্লোগানকেও তিনি কটাক্ষ করেন। পাশাপাশি বিজেপি সরকার গঠন করলে তৃণমূলের ‘গুণ্ডাবাহিনী’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন।

সভায় হালকা মেজাজে তিনি ভোটের পর হরিণঘাটায় মাছ-মাংসের ভোজের প্রস্তাব দেন। এ ছাড়াও, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করেন। বক্তব্যের শেষে সাধারণ কর্মী-সমর্থকদের কথা বলেন।


Share