Share Market

সেনসেক্স বাড়ল ১১০০ পয়েন্ট, টানা পতনের পর ঘুরে দাঁড়াল শেয়ার বাজার, বাজারে ফিরল ৪ লক্ষ কোটি টাকা, স্বস্তি ফিরল বিনিয়োগকারীদের

মঙ্গলবারের লেনদেন শেষে দুই প্রধান সূচকেই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। সেনসেক্স ১,১০৯.১০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তা বন্ধ হয়েছে বন্ধ হয়েছে ৭৩,০৩৩.৭৮ পয়েন্টে। আগের দিনের তুলনায় বৃদ্ধি ১.৫৪% হয়েছে। নিফটি ৫০-র সূচক বেড়েছে ৩৫৮.৬০ পয়েন্ট।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ০৫:৫২

টানা পতনের ধাক্কা সামলে মঙ্গলবার ফের ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ার বাজার। এক ধাক্কায় ১১০০-রও বেশি পয়েন্ট বাড়ল বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) প্রধান সূচক সেনসেক্স। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হল ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ৫০ সূচকও। বাজারে এই প্রত্যাবর্তনের জেরে বিনিয়োগকারীদের সম্পদমূল্য বাড়ল প্রায় ৪ লক্ষ কোটি টাকা। দীর্ঘ পতনের পরে বাজারের এই ঘুরে দাঁড়ানোয় কিছুটা স্বস্তি ফিরেছে লগ্নিকারীদের মধ্যে।

মঙ্গলবারের লেনদেন শেষে দুই প্রধান সূচকেই উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যায়। সেনসেক্স ১,১০৯.১০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। তা বন্ধ হয়েছে বন্ধ হয়েছে ৭৩,০৩৩.৭৮ পয়েন্টে। আগের দিনের তুলনায় বৃদ্ধি ১.৫৪% হয়েছে। নিফটি ৫০-র সূচক বেড়েছে ৩৫৮.৬০ পয়েন্ট। তা বন্ধ হয়েছে ২২,৭২১.৯৫ পয়েন্টে। এই সূচকও আগের দিনের তুলনায় বৃদ্ধি ১.৬০% পেয়েছে।

এলটিসিজি কর নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের মন্তব্যের পরেই এই বৃদ্ধি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। দীর্ঘমেয়াদি মূলধনী লাভের ওপর কর বা লং টার্ম ক্যাপিটাল গেইনস-এর কর নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের মন্তব্যের পরেই বাজারে আশার সঞ্চার করেছে। কর সংক্রান্ত বিষয়গুলি নিয়ে সংশ্লিষ্ট মহলের বক্তব্য শোনার বিষয়ে সরকারের ইতিবাচক মনোভাব বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। তবে কর কমানো বা তুলে দেওয়ার কোনও চূড়ান্ত ঘোষণা হয়নি।

এ দিন তথ্যপ্রযুক্তি সংস্থার শেয়ারে বড়সড় উত্থান হয়েছে। নিফটি আইটি সূচক ৫ শতাংশেরও বেশি বেড়েছে। এইচসিএল টেকনোলজিসের প্রত্যাশার চেয়ে ভাল আর্থিক ফলাফল করেছে। টিসিএসের শেয়ারে কেনাকাটা বাজারকে বাড়তি শক্তি জুগিয়েছে। এ ছাড়াও, টাকার দামে কিছুটা উন্নতি হয়েছে। আমেরিকার ডলারের তুলনায় ভারতীয় টাকার দরেও পুনরুদ্ধার দেখা গিয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের বৈদেশিক মুদ্রা বাজারে চাপ সামলানোর পদক্ষেপ টাকার দরকে কিছুটা সহায়তা করেছে। এর ফলে বিনিয়োগকারীদের মনোভাবেও ইতিবাচক প্রভাব পড়েছে।

নিফটি ৫০ সূচকে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গিয়েছে এইচসিএল টেকনোলজিস, টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), শ্রীরাম ফিনান্স, টেক মাহিন্দ্রা এবং ইনফোসিসের শেয়ারে। অন্য দিকে, ইটার্নাল, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, ম্যাক্স হেলথকেয়ার, পাওয়ার গ্রিড এবং মারুতি সুজ়ুকির শেয়ারে পতন দেখা গিয়েছে। আইটি ক্ষেত্রের পাশাপাশি ধাতু, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, গাড়ি নির্মাণ এবং আর্থিক পরিষেবা ক্ষেত্রেও ইতিবাচক প্রবণতা ছিল। বাজারের উত্থান শুধুমাত্র কয়েকটি সংস্থার মধ্যে সীমাবদ্ধ থাকেনি।

গত সপ্তাহের ধারাবাহিক পতন এবং সোমবারের দুর্বল লেনদেনের পর মঙ্গলবারের এই উত্থান বাজারে স্বস্তি ফিরিয়েছে। বাজারে ফিরেছে ৪ লক্ষ কোটি টাকা। তবে এক দিনের বড়সড় বৃদ্ধি মানেই যে বাজারে দীর্ঘমেয়াদি ঊর্ধ্বগতি শুরু হয়েছে, তা নিশ্চিত করে বলা যায় না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁদের আশঙ্কা, বিশ্ববাজারের অনিশ্চয়তা, অপরিশোধিত তেলের দাম এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির প্রবণতা আগামী দিনে বাজারের ওপর প্রভাব ফেলতে পারে। তাই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংস্থার আর্থিক ফলাফল, বাজারের ঝুঁকি এবং নিজের আর্থিক পরিস্থিতি বিবেচনা করা জরুরি বলে তাঁরা মনে করছেন।


Share