Accident

ছাগলের খাবার আনতে গিয়ে বিপত্তি, হাঁসখালিতে গাছের ডালের নিচে চাপা পড়ে মৃত্যু শ্রমিকের

নদীয়ার হাঁসখালি থানা এলাকার বেনালি গ্রামে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ভারী ডাল ভেঙে শ্রমিক ঘটল মণ্ডলের মৃত্যু হয়েছে। গুরুতর জখম অবস্থায় তাঁকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাঁসখালি থানা
নিজস্ব সংবাদাতা, হাঁসখালি
  • শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৫১

নদীয়া জেলার হাঁসখালি থানা এলাকার ময়ূরহাট ২ নম্বর পঞ্চায়েতের বেনালি গ্রামে শুক্রবার ভোরে ঘটে গেল এক দুর্ঘটনা। গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে গাছের ডালের নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হল। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম ঘটল মন্ডল। তিনি নদীয়ার তেহট্ট ভিটেপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় শ্রমিক হলেও বাড়িতে গরু ও ছাগল পালন করে সংসার চালাতেন। শুক্রবার সকালে তিনি ইটভাটা থেকে ট্রাক্টরে করে ইট পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন। ফেরার পথেই ছাগলের খাবারের জন্য গাছের পাতা আনতে যান। সেই সময় এলাকায় একটি গাছ কাটা হচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাছ কাটার মাঝেই পাতা সংগ্রহের জন্য তিনি দৌড়ে যান। আর তাতেই বিপত্তি। আচমকাই একটি ভারী ডাল ভেঙে তাঁর ওপর পড়ে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে দ্রুত বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। পাশাপাশি, যে গাছটি কাটা হচ্ছিল তা সরকারি অনুমোদন নিয়ে কাটা হয়েছে কিনা, সে বিষয়েও পুলিশ তদন্ত শুরু করেছে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।


Share