Road Accident

করিমপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, বাসের ধাক্কায় প্রাণ গেল সব্জি ব্যবসায়ীর

তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

যাত্রীবাহী বাসটি সজোরে ধাক্কা মারে।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৩ মে ২০২৬ ০৪:১৭

নদিয়ার করিমপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। প্রাণ হারালেন এক সব্জি ব্যবসায়ী। মৃতের নাম সুনীল মণ্ডল (৫৮)। তাঁর বাড়ি নদিয়ার হোগোলবেড়িয়া থানা এলাকায়। নদিয়ার কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের করিমপুরের নাটনা মোড় এলাকায় ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার প্রতিদিনের মতো সুনীলবাবু করিমপুর কিষাণ মান্ডিতে সব্জি বিক্রি করতে গিয়েছিলেন। বাজার শেষে মোটরসাইকেলে করে তিনি বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনার পর তিনি গুরুতর জখম হন। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে বাস চালানোর ফলেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাসচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে। করিমপুর থানার পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, বাসটির অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।


Share