Kaliganj By Election

মুখ্যমন্ত্রী শুভেন্দুর নির্দেশের পরেই তামান্না খুনের তদন্তে এল গতি, পুলিশের জালে আরও তিন জন, গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৯ জন

দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি নিয়ে তামান্নার মা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ অভিযান জোরদার করে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশে তদন্তের তৎপরতা বাড়ানো হয়।
নিজস্ব সংবাদদাতা, কালীগঞ্জ
  • শেষ আপডেট: ২৬ জুন ২০২৬ ১০:১৪

কালীগঞ্জের মোলান্দি গ্রামে তামান্না খুনের ঘটনায় তদন্ত চলছিল। তদন্তে নেমে ১১ জনকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হস্তক্ষেপ করেন। তাঁর নির্দেশে তদন্তের তৎপরতা বাড়ানো হয়। এরপরই একের পর এক অভিযুক্ত গ্রেফতার হয়। এ বার পুলিশের জালে ধরা পড়ল আরও তিন জন। শুক্রবার ধৃতদের কৃষ্ণনগর জেলা আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে পুলিশ তাঁদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।

তামান্না খুনের ঘটনায় মোট গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৯ জনে। উল্লেখ্য, গত ২৩ জুন কালীগঞ্জের উপনির্বাচনের ফল প্রকাশের দিনে মোলান্দি গ্রামে দুষ্কৃতীরা সকেট বোমা ছুঁড়েছিলেন। বোমার আঘাতে মৃত্যু হয় তামান্না খাতুনের। ঘটনার পর নিহতের মা সাবিনা ইয়াসমিন মোট ২৪ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে প্রথমে ১১ জনকে পুলিশ গ্রেফতার করে। এরপর দীর্ঘদিন কয়েক জন অভিযুক্ত অধরা ছিলেন। দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি নিয়ে তামান্নার মা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রীর নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশ জোরদার অভিযান চালায়। প্রথমে দু'জন, তাঁদের জিজ্ঞাসাবাদ করে পরে আরও ছ’জনকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তিনজন ধরা পড়ে। বর্তমানে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত বাকি অভিযুক্তদের সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। এখনও পাঁচজন অভিযুক্ত পলাতক। তবে তাঁদেরও খুব শীঘ্রই গ্রেফতার করা হবে বলে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।


Share