Road Accident

পুজো দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনা! ঘটনাস্থলে মৃত তিন, আহত একাধিক

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ঘাতক ওই ডাম্পার এবং গাড়িটিকে পুলিশ থানায় নিয়ে আসে। তবে কি কারণে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

দুর্ঘটনায় গাড়িটি চুরমার হয়ে গিয়েছে।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১২ মে ২০২৬ ০৬:৩৩

পুজো দিয়ে বাড়ি ফেরার সময় জাতীয় সড়কে পথ দুর্ঘটনা। ঘটনাস্থলেই মৃত্যু তিনজনের, আহত প্রায় ১৫ জন। নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়া ১২ নম্বর জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। মৃত তিনজনের বাড়ি রানাঘাট ধানতলা দৌলা এলাকায়। 

স্থানীয় সূত্রের খবর, বর্ধমানের জামালপুরে প্রায় কুড়ি পঁচিশ জন পুজো দিতে গিয়েছিল। সোমবার পুজো দিয়ে গাড়িতে করে বাড়িতে ফিরছিল তারা। রাত আনুমানিক বারোটা নাগাদ নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া চাপাতলা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে পেছন থেকে একটি ডাম্পার গাড়ি এসে সজোরে ওই যাত্রীবোঝাই গাড়িটিতে ধাক্কা মারে। মুহূর্তে পাল্টি খেয়ে যায় ওই গাড়িটি।

ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে দুইজন পুরুষ এবং একজন মহিলা। মৃতদের নাম গৌতম সিং, নারায়ণ সরকার এবং শ্রাবন্তী সিং। তাদের প্রত্যেকের বয়স ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে। বাকিদের উদ্ধার করে রানাঘাট মহাকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ওই ডাম্পার এবং গাড়িটিকে পুলিশ থানায় নিয়ে আসে। তবে কি কারণে এই দুর্ঘটনা তার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। ঘটনায় রানাঘাট ধানতলা দৌলা এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য উত্তম সরকার বলেন, তারা সকলেই পুজো দিতে গিয়েছিল জামালপুরে। পুজো দিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। তবে একই সাথে তিনজনের মৃত্যুর ঘটনা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।


Share