Road Accident

নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা, মৃত এক, আহত অন্তত ১০ জন

ভাতজাংলার বসাকপাড়া এফসিআই গোডাউনের সামনে ১২ নম্বর জাতীয় সড়কে একটি লরিকে ওভারটেক করার সময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার ব্যারিকে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২৩ আগস্ট ২০২৬ ০৯:২১

আবারও নদিয়ায় ১২ নম্বর জাতীয় সড়কে বড়সড় বাস দুর্ঘটনা। লরিকে ওভারটেক করতে গিয়ে উল্টে গেল যাত্রী বোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ব্যারিকে ধাক্কা মেরে বাসটি উল্টে যায়। দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রানাঘাট থেকে যাত্রী নিয়ে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল বাসটি। ভাতজাংলার বসাকপাড়া এফসিআই গোডাউনের সামনে ১২ নম্বর জাতীয় সড়কে একটি লরিকে ওভারটেক করার সময় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। এরপর রাস্তার ব্যারিকে সজোরে ধাক্কা মেরে উল্টে যায়।

দুর্ঘটনার জেরে বাসের ভিতরে বেশ কয়েক জন যাত্রী আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। বাসটি তুলে একে একে আহত যাত্রীদের বাইরে বের করে আনা হয়। পরে তাঁদের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতার একাংশ বাসটিতে আগুন ধরানোর চেষ্টা করেন বলেও অভিযোগ। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছোয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, দুর্ঘটনায় প্রায় ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। তবে মৃত ও আহতদের বিষয়ে পুলিশের তরফে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, বাসটির গতি কত ছিল এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


Share