TMC Leader Arrested

কটূক্তি থেকে ধর্ষণের হুমকি! তমলুকে গ্রেফতার তৃণমূলের প্রভাবশালী নেতা

অভিযোগকারী মহিলার দাবি, দীর্ঘদিন ধরে ভয়ভীতি ও হেনস্তার মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁদের। ঘটনাকে ঘিরে তমলুকের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

গ্রেফতার চঞ্চল খাঁড়া।
নিজস্ব সংবাদদাতা, তমলুক
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৫:৫১

পূর্ব মেদিনীপুরের তমলুকে তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা তথা তমলুক পুরসভার প্রাক্তন চেয়ারম্যান চঞ্চল খাঁড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার গভীর রাতে তমলুক থানার পুলিশ তাঁকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শুক্রবার সকালে তাঁকে গ্রেফতার করা হয়। পরে অভিযুক্ত নেতাকে তমলুক জেলা আদালতে তোলা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চঞ্চল খাঁড়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই জোর করে জমি দখলের অভিযোগ ছিল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ ওঠে। এক মহিলা অভিযোগ করেন, তাঁকে লাগাতার কটূক্তি করা হয়েছে। এমনকি ধর্ষণের হুমকিও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাঁর মেয়েকেও রাস্তাঘাটে হেনস্তার মুখে পড়তে হয়েছে।

শুক্রবার তমলুক থানার সামনে দাঁড়িয়ে অভিযোগকারী মহিলা জানান, “অনেকদিন ধরেই ভয় দেখানো হচ্ছিল। আমার মেয়েকে রাস্তায় বেরোতে পর্যন্ত ভয় পেতে হত। এলাকার কিছু যুবক ওকে কটূক্তি করত। আমরা আতঙ্কের মধ্যে দিন কাটিয়েছি।”

স্থানীয়দের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই তৃণমূল নেতা এলাকায় দাপট দেখিয়ে চলতেন। রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাননি। এক স্থানীয় বাসিন্দার কথায়, “তমলুক শহরের বহু মানুষ ওঁর আচরণে অতিষ্ঠ ছিলেন। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারেনি।”

পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু হয়। বৃহস্পতিবার রাতে চঞ্চল খাঁড়াকে তাঁর বাড়ি থেকে আটক করা হয়। প্রায় ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর পুলিশ তাঁকে গ্রেফতার করা হয়। 

ঘটনাকে কেন্দ্র করে তমলুকের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের দাবি, এতদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযোগ চাপা রাখা হয়েছিল। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের তরফে আনুষ্ঠানিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


Share