Minor Molestation

মহিষাদলে নাতনির উপর নির্যাতনের অভিযোগ দাদুর বিরুদ্ধে, অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পরে পুলিশ ও প্রশাসনের আশ্বাসে প্রায় ৪৫ মিনিট পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর
  • শেষ আপডেট: ২৪ জুন ২০২৬ ০৪:৪৭

নাবালিকা নাতনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনায় পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। পূর্ব মেদিনীপুরের মহিষাদলে মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহিষাদলের কাপাসএ্যাড়া এলাকায় এক বৃদ্ধের খাবারের দোকান রয়েছে। দোকানের পাশেই অভিযুক্ত বৃদ্ধের সাইকেল মেরামতের দোকান। দীর্ঘদিনের পরিচয়ের কারণে দুই পরিবারের মধ্যে সুসম্পর্ক ছিল। অভিযোগ, মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ অভিযুক্ত বৃদ্ধ প্রতিবেশীর সাড়ে তিন বছরের নাতনিকে ঘোরানোর নাম করে সঙ্গে নিয়ে যান। প্রায় আধ ঘণ্টা পর রাত ৯টা নাগাদ শিশুটিকে তিনি বাড়িতে পৌঁছে দেন।

পরিবারের সদস্যরা শিশুটির শারীরিক অবস্থায় অস্বাভাবিকতা লক্ষ্য করেন। এরপর তাকে দ্রুত মহিষাদলের বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পাশাপাশি মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্তে নামে। রাতেই অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করা হয়।

ঘটনার প্রতিবাদে বুধবার সকালে এলাকার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করেন। বহু মহিলা বিক্ষোভে সামিল হন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তাঁরা রাস্তায় বসে প্রতিবাদ জানান। অবরোধের জেরে কিছু সময়ের জন্য বাস ও পণ্যবাহী যান চলাচল ব্যাহত হয়।

খবর পেয়ে পুলিশ সুপার অংশুমান সাহা-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছোন। তাঁরা বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন। পুলিশের আশ্বাসের পর স্থানীয় বাসিন্দারা প্রায় ৪৫ মিনিট পর অবরোধ তুলে নেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলছে এবং সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।


Share