Illegal Liquor Seized

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া নির্দেশের পর তৎপর পুলিশ, শান্তিপুরে ৪২ বোতল দেশি মদ-সহ গ্রেফতার চারজন

ধৃতদের মঙ্গলবার আদালতে তোলা হয়েছে। বেআইনি মদ বিক্রি ও পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

৪২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০২:৩৬

বারুইপুরের গিয়ে রাজ্যে বেআইনি মদ বিক্রির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর নির্দেশের পর পুলিশ তৎপর হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর সেই অভিযানে গতি এসেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তারপরই নদিয়ার শান্তিপুর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বেআইনি মদ বিক্রির অভিযোগে শান্তিপুর থানা এলাকার একাধিক জায়গায় অভিযান চালানো হয়। সেই অভিযানে ধৃতদের কাছ থেকে মোট ৪২ বোতল দেশি মদ উদ্ধার হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম দিলীপ সরকার, বিমলকৃষ্ণ কুণ্ডু, অমিত রায় এবং সমর রাজবংশী। তাঁদের বাড়ি যথাক্রমে বেলগড়িয়া, বেলেমাঠ, বিবেকানন্দ নগর ও ফুলিয়া এলাকায়।

পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেআইনি মদ বিক্রি ও পাচারের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হয়েছে। তারই অংশ হিসেবে ধারাবাহিক অভিযান চালিয়ে এই সাফল্য মিলেছে। ধৃত চার জনকে মঙ্গলবার শান্তিপুর আদালতে তোলা হয়েছে। ঘটনার তদন্ত চালিয়ে পুলিশ খতিয়ে দেখছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না।

উল্লেখ্য, শনিবার সূর্যপুরে ফাঁড়ি উদ্বোধন করার পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছিলেন, “সব ঘটনার পিছনে কার্য এবং কারণ রয়েছে। আমি মনে করি, এই অপরাধের নেপথ্যে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস, মাদকের বড় ভূমিকা রয়েছে। রাজ্যে কোথাও কোনও বেআইনি ঠেকের হদিশ পেলে তা অবিলম্বে পুলিশকে জানান।”


Share