Firearms Recovered

কেশিয়াড়িতে ধৃত তৃণমূল ঘনিষ্ঠের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার, চাঞ্চল্য এলাকায়

তদন্তে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত বাড়িতে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর
  • শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৩:৪১

পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে তোলাবাজির মামলায় তৃণমূল ঘনিষ্ঠ পীযূষ চন্দ গ্রেফতার হয়েছে। এবার তাঁরই বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। তিনি খাজরা এলাকার বাসিন্দা। সম্প্রতি কেশিয়াড়ি থানার পুলিশ গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৪ সালে ভসরা এলাকার এক বিজেপি কর্মী অভিযোগ করেছিলেন, কেশিয়াড়ির প্রভাবশালী তৃণমূল নেত্রী কল্পনা শীটের ঘনিষ্ঠ পীযূষ চন্দ তাঁর কাছে দু'লক্ষ টাকা তোলা দাবি করেন। অভিযোগ, টাকা আদায়ের জন্য তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ও দেখানো হয়েছিল।

ওই অভিযোগের ভিত্তিতে গত ৯ জুলাই পীযূষ চন্দকে কেশিয়াড়ি থানার পুলিশ গ্রেফতার করে। তদন্ত চলাকালীন জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজের বাড়িতে আগ্নেয়াস্ত্র থাকার কথা স্বীকার করেন বলে পুলিশের দাবি। এরপর সোমবার রাতে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি দেশি পাইপগান এবং এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গোটা ঘটনার তদন্ত চলছে।


Share