Suicide

প্রেমে প্রত্যাখ্যান ও মানসিক অত্যাচারের অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে, আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী, উদ্ধার এক ডায়েরি

প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী পরমা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি। যেখানে সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন তথ্য রয়েছে বলে পরিবারের দাবি।

আত্মঘাতী একাদশ শ্রেণির ছাত্রী।
নিজস্ব সংবাদদাতা, নদিয়া
  • শেষ আপডেট: ২০ আগস্ট ২০২৬ ০৩:৫২

একাদশ শ্রেণির এক ছাত্রীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতার নাম পরমা সাহা (১৭)। বাড়ি ঘোরালিয়া কুন্ডুপাড়া এলাকায়। পরিবারের অভিযোগ, প্রেমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাওয়ায় এক যুবকের তরফে ক্রমাগত ব্ল্যাকমেল, মারধর ও মানসিক অত্যাচারের শিকার হচ্ছিল পরমা। সেই কারণেই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে সে আত্মঘাতী হয়েছে বলে দাবি পরিবারের।

মৃতার দাদা রোহিত সাহা জানান, বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিট নাগাদ নিজের ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে পরমা আত্মহত্যা করে। পরিবারের দাবি, ওই যুবকের সঙ্গে পরমার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তীতে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। অভিযুক্ত যুবক তাকে বিভিন্নভাবে চাপ দিতে শুরু করে।

ঘটনার দিন সন্ধ্যায় ঘরের আলো বন্ধ করে ফোনে কথা বলছিল পরমা। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে। কিন্তু কোনও সাড়াশব্দ পাননি। এরপর তাঁদের সন্দেহ হয়। তড়িঘড়ি পরিবারের সদস্যরা সাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢোকেন। তাঁরা সিলিং ফ্যানের সঙ্গে পরমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

পরিবারের আরও দাবি, ঘটনাস্থল থেকে পরমার একটি ডায়েরি উদ্ধার হয়েছে। সেই ডায়েরিতে ওই সম্পর্ক সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং তাঁদের সাক্ষাৎ করার বিষয়েও উল্লেখ রয়েছে। ডায়েরিটি ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্ত যুবকের বাড়ি বাগাছড়া বলখেলা মাঠপাড়া এলাকায় বলে জানা গিয়েছে।

ঘটনার পর মৃতার পরিবারের তরফে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে পরিবার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে। যদিও আত্মহত্যায় প্ররোচনা বা মানসিক অত্যাচারের অভিযোগের সত্যতা তদন্তের পরই স্পষ্ট হবে।

ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। প্রেমের সম্পর্ক, পরিবারের হাতে পাওয়া ডায়েরি এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ওঠা অভিযোগ—সবকিছুই তদন্তকারীরা খতিয়ে দেখছেন।


Share