Attempted to Murder

মেয়ের সামনেই বাবার মাথায় বন্দুক! বারুইপুরে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ

রবিবার রাতে বারুইপুরের হাড়দা এলাকায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় নাজিম মোল্লা ও শফিক ফকিরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত সিরাজুল চাপড়াশী।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, বারুইপুর
  • শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৬ ০১:৩৪

মেয়ের সামনেই বিজেপি কর্মীর মাথায় বন্দুক ঠেকানোর অভিযোগ। তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে দাবি। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।

রবিবার রাতে বারুইপুর পূর্ব বিধানসভার হাড়দা এলাকায় ঘটনাটি ঘটে। বিজেপি কর্মী বলে পরিচিত সিরাজুল চাপড়াশী মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় তাঁদের পথ আটকান নাজিম মোল্লা ও শফিক ফকির।

এর পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, আগ্নেয়াস্ত্র বের করে সিরাজুলের মাথায় ঠেকানো হয়। মেয়ের সামনেই এমন ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। দু’জনে চিৎকার শুরু করেন। চিৎকার শুনে আশপাশের লোকজন সেখানে চলে আসেন। স্থানীয়দের আসতে দেখে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান নাজিম ও শফিক।

ঘটনার পর সিরাজুল বারুইপুর থানায় যান। গোটা বিষয়টি জানিয়ে তিনি লিখিত অভিযোগ করেন। তাঁর দাবি, বিজেপি করার কারণে এর আগেও তাঁকে দু’বার খুনের হুমকি দেওয়া হয়েছিল।

এখানেই শেষ নয়। হাড়দা অঞ্চলের পঞ্চায়েত প্রধানের স্বামী সিরিফ হোসেন লস্করের বিরুদ্ধে একটি চক্র চালানোর অভিযোগ নিয়েও সরব হয়েছিলেন বলে দাবি সিরাজুলের। সেই কারণেই তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব।

তবে অভিযুক্ত নাজিম মোল্লা ও শফিক ফকিরের কোনও রাজনৈতিক পরিচয় রয়েছে কি না, তা এখনও জানা যায়নি। সিরাজুলের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সত্যতা এবং হামলার পিছনে আসল কারণ কী, তা খতিয়ে দেখা হচ্ছে।


Share