Aadhar Card Recovery

নবদ্বীপে তৃণমূল দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিপুলসংখ্যক সরকারি পরিচয়পত্র, পুলিশের হাতে তুলে দিল বিজেপির কর্মীরা

নবদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূলের দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক রেশন কার্ড, আধার, ভোটার পরিচয়পত্র ও মৎস্যজীবী কার্ড উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া মেলেনি

নিজস্ব সংবাদদাতা, নবদ্বীপ
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ০৫:৫১

নবদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডে প্রাক্তন তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল সংখ্যক রেশন কার্ড, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র এবং মৎস্যজীবী কার্ড উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত নথি নবদ্বীপ থানার পুলিশের হাতে বিজেপি কর্মীরা তুলে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওই দলীয় কার্যালয়টি স্থানীয় তৃণমূল কর্মীরা বিজেপির হাতে হস্তান্তর করেন। অভিযোগ, শনিবার রাতে বিজেপি কর্মীরা কার্যালয়ের দরজা খোলা অবস্থায় দেখতে পান। এরপর তারা কার্যালয়ে প্রবেশ করে পাশের একটি ছোট অফিসঘরের আলমারি খোলা অবস্থায় দেখতে পান। আলমারির ভিতরে থাকা দুটি ব্যাগ তল্লাশি চালিয়ে বিপুল সংখ্যক রেশন কার্ড, আধার কার্ড, ভোটার পরিচয়পত্র এবং মৎস্যজীবী কার্ড উদ্ধার হয়। এত বিপুল পরিমাণ সরকারি পরিচয়পত্র একসঙ্গে উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার পরই বিজেপি কর্মীরা নবদ্বীপ থানায় খবর দেন। রবিবার রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছোলে উদ্ধার হওয়া সমস্ত পরিচয়পত্রগুলি পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হওয়া নথিগুলি সেখানে কীভাবে এল, কার কার পরিচয়পত্র উদ্ধার হয়েছে এবং এর পিছনে কোনও অনিয়ম বা অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কি না, তা খতিয়ে দেখছে নবদ্বীপ থানার পুলিশ। 

তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশি তদন্তের পরেই গোটা ঘটনার প্রকৃত কারণ সামনে আসবে।


Share