TMC Leader Arrested

তোলাবাজির অভিযোগে পশ্চিম বর্ধমানে পুলিশের বড় অভিযান, ধৃত তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর-সহ গ্রেফতার ১৪

তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায় এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ০৩:১২

পশ্চিম বর্ধমান জেলায় তোলাবাজি ও দখলদারির অভিযোগে পুলিশের বড়সড় অভিযানে গ্রেফতার হলেন একাধিক ব্যক্তি। ধৃতদের মধ্যে তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলরও রয়েছেন। বুধবার রাতভর দুর্গাপুর, কোক-ওভেন ও বুদবুদ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোট ১৪ জনকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ধৃতদের আদালতে তোলা হয়। বিচারক বুদবুদের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর থানার অভিযানে প্রাক্তন কাউন্সিলর মানস রায় ও হিরা বাউড়ি ধরা পড়েছেন। এছাড়াও গ্রেফতার হয়েছেন ভোলা বাউড়ি, রাহুল বাউড়ি, অলগু চৌধুরী, আলতাব আলি, হিরু ক্ষেত্রপাল, সমীর আনসারি, বাপ্পাদিত্য অধিকারী এবং মলয় কোনার।তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে তোলাবাজি, ভয় দেখিয়ে টাকা আদায় এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ আরও জানিয়েছে, মানস রায়ের বিরুদ্ধে আগেও আর্থিক প্রতারণার অভিযোগে মামলা হয়েছিল। এর আগে তাঁকে দু’বার গ্রেফতারও করা হয়। অন্যদিকে, হিরা বাউড়ির বিরুদ্ধে দলের নাম ভাঙিয়ে তোলা আদায়ের অভিযোগ রয়েছে। ধৃত বাপ্পাদিত্য অধিকারীর বিরুদ্ধেও সিটি সেন্টার এলাকার একাধিক হোটেল, দোকান ও রেস্তোরাঁ থেকে নিয়মিত তোলা তোলার অভিযোগ উঠেছে।

এদিকে, কোক-ওভেন থানার পুলিশ পৃথক অভিযানে সোমনাথ দাস, প্রসেনজিৎ মহাদানি এবং সুশান্ত হালদার নামে তিন জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে বুদবুদ থানার পুলিশ গ্রেফতার করে বুদবুদ পঞ্চায়েতের উপপ্রধান রুদ্রপ্রসাদ কুণ্ডুকে। তিনি এলাকায় ‘মনা’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে ভয় দেখিয়ে জমি ও বাড়ি দখল, মারধর এবং তোলাবাজির মতো একাধিক অভিযোগ রয়েছে বলে পুলিশের দাবি।

বিজেপির অভিযোগ, রুদ্রপ্রসাদের অত্যাচারে এলাকার বহু কর্মী দীর্ঘদিন ঘরছাড়া ছিলেন। তাঁর গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে বুদবুদ থানার সামনে বিজেপি সমর্থকরা বিক্ষোভ দেখান। অভিযুক্তের অনুগামীদেরও দ্রুত গ্রেফতারের দাবি তোলেন। পাশাপাশি রুদ্রপ্রসাদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মঞ্চ থেকে স্লোগানও ওঠে।

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও গুন্ডামির বিরুদ্ধে কড়া অবস্থানের বার্তা দেওয়ার পরই এই ধারাবাহিক পুলিশি অভিযানে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।


Share