Political Chaos

রায়গঞ্জে জমি দখলের অভিযোগ তৃণমূলের ছাত্রনেতার বিরুদ্ধে, বাধা দিলে হুমকি, থানায় অভিযোগ দায়ের ব‍্যবসায়ীর

ঘটনায় ইতিমধ্যেই ব্যবসায়ী পিনাকী দাস রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও অভিযোগ অস্বীকার করে টিএমসিপির জেলা সভাপতি রম্ভ দাস।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ
  • শেষ আপডেট: ০১ মার্চ ২০২৬ ১০:৩০

রায়গঞ্জ শহরে ৬০ কাঠা জমি নিয়ে সংঘাত। জমি দখলের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতির বিরুদ্ধে। বাধা দিলে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এক ব‍্যসসায়ী। তিনি রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত তৃণমূল নেতার নাম রম্ভ দাস। তিনি তৃনমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি। রায়গঞ্জ শহরের সেবক পল্লির বাসিন্দা পিনাকী দাসের অভিযোগ, “আমার কাশিবাটি এলাকায় ৬০ কাঠা জমি আছে। সেই জমি নিয়ে গত দু'বছর ধরে বিভিন্ন ভাবে সমস্যা তৈরি করে চলেছেন টিএমসিপির জেলা সভাপতি রম্ভ দাস। আমি ওই জমি মাটি ফেলে উঁচু করতে গেলেই ওর লোকজন আমাকে বাধা দিচ্ছে হুমকি দিচ্ছে। আমাকে ভয় দেখাতে ওর লোকজন মোটরবাইক, গাড়ি নিয়ে টহল দিচ্ছে। আমার গোটা পরিবার আতঙ্কে আছি।'

অন্যদিকে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে রম্ভ দাস দাবি করেন, জমিটি আসলে এক ব্যক্তির কেনা, যেখানে আশ্রম তৈরির পরিকল্পনা ছিল। তাঁর অভিযোগ, ভুয়ো নথি ব্যবহার করে পিনাকী দাস বেআইনি ভাবে জমি দখলের চেষ্টা করছেন। প্রকৃত জমির মালিকের পাশে থাকার আশ্বাস দেওয়ায় তাঁকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বদনাম করার চেষ্টা চলছে বলেও দাবি করেন রম্ভ। পাশাপাশি, বিষয়টি নিয়ে তিনিও আইনি পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন।

ঘটনায় কটাক্ষ করেছে বিজেপি। জেলা বিজেপির এক নেতা বলেন, “জমির মালিক কে তা ঠিক করার অধিকার তৃণমূল নেতাকে কে দিয়েছে। তার জন‍্য আইন রয়েছে।”


Share