Sandip Ghosh

আরজি কর মেডিক্যাল থেকে সরানো হল সন্দীপের স্ত্রীকে, পাঠানো হল বেলেঘাটা আইডিতে

আরজি কর মেডিক্যালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রীকে সরাল স্বাস্থ্যভবন। বেলেঘাটা আইডিতে বদলি করা হয়েছে। ব্যক্তিগত কারণে তিনি বেশ কিছুদিন আরজি কর মেডিক্যালে আসেননি। সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ থাকলেও তাঁর বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠেনি।

আর্থিক দুর্নীতির মামলায় অভিযুক্ত সন্দীপ ঘোষ।
এখন কলকাতা ডেস্ক, কলকাতা
- নিজস্ব চিত্র
  • শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১২:০০

আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে বদলি করল রাজ্য সরকার। অধ্যাপক চিকিৎসক সঙ্গীতা ঘোষ মাইক্রোবায়োলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসাবে কাজ করতেন। বৃহস্পতিবার তাঁকে বেলেঘাটার আইডি হাসপাতালে বদলি করা হয়েছে। এ বার থেকে সেখানে ওই পদেই কাজ করবেন সঙ্গীতা।? 

বৃহস্পতিবার স্বাস্থ্যভবন বিজ্ঞপ্তি বদলির কথা জানিয়েছে। জানা গিয়েছে, ব্যক্তিগত কারণে সঙ্গীতা দীর্ঘ দিন ধরে ছুটিতে ছিলেন। আগামী কাল থেকেই নতুন কাজের জায়গায় যোগ দেবেন এই অধ্যাপক চিকিৎসক। আরজি কর হাসপাতালে আর্থিক তছরুপের মামলায় সন্দীপ এখন জেলে রয়েছেন। তবে তাঁর স্ত্রীর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই।? 

গত বছরের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজের এমারজেন্সি বিভাগে এক চিকিৎসক-পড়ুয়ার দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। আরজি কর-সহ রাজ্যের মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা ধর্নায় বসেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয় রাজ্য রাজনীতি। তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ইস্তফার দাবিও তোলেন তাঁরা। আন্দোলনের চাপে পড়ে সন্দীপ নিজেই অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন। পরে তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ করেছিল রাজ্য সরকার। সেখানেও বিক্ষোভ শুরু হয়। কলকাতা হাই কোর্ট এর পর সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল। পরে ন্যাশনাল মেডিক্যালের দায়িত্ব থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়।? 

আরজি কর হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলার তদন্তভার যায় সিবিআইয়ের হাতে। সেই মামলার তদন্তে নেমে গত ২৫ অগস্ট সকালে সন্দীপের বেলেঘাটার বাড়িতে হানা দেয় সিবিআইয়ের একটি দল। আর্থিক দুর্নীতির মামলায় তাঁকে গ্রেফতার করা হয়। পরে আরজি কর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপকে ‘শোন অ্যারেস্ট’ করে সিবিআই। যদিও ওই মামলায় জামিন পেয়েছেন তিনি। তবে আর্থিক দু্র্নীতির মামলায় এখনও জেলবন্দি তিনি।? 

প্রসঙ্গত, সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল ইডিও। সে সময় সন্দীপের পাশাপাশি তাঁর স্ত্রীর সম্পত্তি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছিলেন তদন্তকারীরা। ইডির তরফে জানানো হয়েছে, সে দিনের তল্লাশিতে তারা জানতে পেরেছিল যে, সন্দীপ এবং তাঁর স্ত্রী সঙ্গীতা দু’টি সম্পত্তি কিনেছিলেন। রাজ্য সরকারের কাছ থেকে যথাযথ অনুমোদন ছাড়াই তাঁরা ওই সম্পত্তি কিনেছেন বলে অভিযোগ। যদিও এর পর ২০২১ সালে সঙ্গীতার নামে সন্দীপ আরও একটি সম্পত্তি কিনেছিলেন, যেটির যথাযথ অনুমোদন ছিল তাঁদের কাছে। উল্লেখ্য, আর্থিক দুর্নীতির মামলায় সঙ্গীতার নাম কখনও জড়ায়নি। এ বার সঙ্গীতাকে আরজি কর হাসপাতাল থেকে অন্য হাসপাতালে বদলি করা হল। নিয়ে যাওয়া হল বেলেঘাটা আইডিতে।? 


Share