Job Recruitment

রাজ‍্য সরকারি নিয়োগের পরীক্ষা পদ্ধতিতে হবে সংস্কার, ১৭ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের প্রস্তুতি নিচ্ছে পাবলিক সার্ভিস কমিশন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত

জানা গিয়েছে, আগামী কয়েক দিনে আরও প্রায় আট হাজারের বেশি শূন্যপদের জন্য পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। এর ফলে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর সামনে নতুন সুযোগ তৈরি হতে চলেছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১১ আগস্ট ২০২৬ ০৮:৫৭

রাজ্যে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে সংস্কারের উদ্যোগ নিল রাজ‍্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। তাঁরা জানিয়েছে, গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সঙ্গে বিভিন্ন নিয়োগকারী সংস্থার বৈঠক হয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় গতি আনতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ‍্য সরকারের ১৭ হাজারের বেশি শূন্যপদের জন‍্য চাকরির পরীক্ষা করবে বলে পিএসসি জানিয়েছে।

কমিশনের বক্তব্য, বর্তমানে ৫৪টি রাজ‍্য সরকারি দফতরে নিয়োগ সংক্রান্ত বিষয়টি তাঁরা দেখভাল করে। সেই সমস্ত দফতরে মোট দু’হাজার ৪৯০টি গ্রুপ ‘এ’ শূন্যপদের নিয়োগের প্রস্তাব রয়েছে। তার মধ্যে জুডিশিয়াল অফিসার (বিচারবিভাগীয় আধিকারিক), ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ), পুলিশ, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস, লিগ্যাল সার্ভিস এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের মতো গুরুত্বপূর্ণ পদ রয়েছে। আবার গ্রুপ ‘বি’ ও তার সমপর্যায়ের দু’হাজার ৮৪৮টি এবং গ্রুপ ‘সি’ ও তার সমপর্যায়ের ১২ হাজার ৩৭৬টি শূন্যপদ পূরণ করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ, এই তিনটি শ্রেণি মিলিয়ে ১৭ হাজার ৭১৪টি শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে। বিভিন্ন পরীক্ষার বিভিন্ন পর্যায়ে প্রায় ১২ লক্ষ ৬৫ হাজার পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ এখনও বাকি রয়েছে। পিএসসি এ-ও জানিয়েছে, স্ক্রিনিং, প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষার ফল দ্রুত প্রকাশের ওপরেই এখন বিশেষ জোর দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, আগামী কয়েক দিনে আরও প্রায় আট হাজারের বেশি শূন্যপদের জন্য পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। এর ফলে বিপুল সংখ্যক চাকরিপ্রার্থীর সামনে নতুন সুযোগ তৈরি হতে চলেছে। সরকারের ঘোষিত বয়সের ঊর্ধ্বসীমায় অতিরিক্ত ছাড়ও আগামী নিয়োগগুলিতে প্রযোজ্য হবে বলে এক আধিকারিক জানিয়েছেন। সমবায় ও পুরসভার নিয়োগের ক্ষেত্রেও পিএসসি পরীক্ষা নেবে বলে জানানো হয়েছে।

কলকাতা হাই কোর্টের নির্দেশে ওবিসি শংসাপত্র বাতিল হয়েছিল। এর ফলে নিয়েগের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছিল। সংশোধিত ওবিসি সংরক্ষণ ব্যবস্থায় নিয়ে পরীক্ষার সময়সূচিতে কোনও প্রভাব পড়বে না বলেও কমিশন মনে করছে। কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আশাবাদী তাঁরা। সংরক্ষিত ওবিসি তালিকাভুক্ত পদে কোনও পরিবর্তন হলে তা ফল প্রকাশের সময় প্রতিফলিত হবে বলে জানিয়েছে কমিশন।

তৃণমূল জমানায় নিয়োগ দুর্নীতি অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে জেল খাটতে হয়েছে। দুর্নীতিতে নাম জড়িয়েছে একাধিক শীর্ষ নেতা এবং সরকারি আধিকারিকদের। বিজেপি সরকার গঠন করতেই দফতরে নিয়োগ ব‍্যবস্থায় সংস্কারের প্রয়োজন রয়েছে বলে মনে করছে। নিয়োগ ব্যবস্থাকে স্বচ্ছতা ও গতি আনতে নিরাপদ প্রযুক্তির সাহায্য নেওয়া হবে। ইউপিএসসি-র মতো দ্রুত ফল প্রকাশ করতে পরিকাঠামোকে শক্তিশালী করার উদ্যোগ কমিশন নিয়েছে। পাশাপাশি পরীক্ষার বার্ষিক ক্যালেন্ডার মেনে চলার ওপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


Share