Co Operative Banks

সমাবায় ব‍্যাঙ্কে ব‍্যাপক জালিয়াতি হয়েছে! এ বার তৃণমূল জমানার দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে অডিট করার নির্দেশ দিল রাজ‍্য সরকার

২০২৩ সালে আলিপুরদুয়ারের মহিলা সমবায় সমিতিতে ৫০ কোটির বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। যার প্রেক্ষিতে সিআইডিকে তদন্ত শুরু করে। তা বন্ধ করতে বলে বন্ধ করতে বলে সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিল তৎকালীন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

রাজ‍্যের সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২২ মে ২০২৬ ০৭:৫০

রাজ‍্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ব‍্যাপক জালিয়াতি হয়েছে। দীর্ঘমেয়াদী ঋণ কীভাবে দেওয়া হয়েছে তা নিয়ে অডিট করার নির্দেশ দিল রাজ‍্য সরকার। শুক্রবার রাজ‍্যের সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া এই নির্দেশ দিয়েছেন।

রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার কথায়, কৃষকদের ঋণ দেওয়ার ক্ষেত্রে তৃণমূল জমানায় ব্যাপক ভাবে দুর্নীতি হয়েছে। তাঁর সন্দেহ, সমস্ত দীর্ঘমেয়াদি ঋণ দেওয়ার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে। কৃষকদের জন‍্য বরাদ্দ টাকা লুঠ হয়ে গিয়েছে। কৃষকদের তাতে কোনও লাভ হয়নি। 

জেলা সমবায় ব্যাঙ্ক এবং প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলির মাধ্যমে কৃষিঋণ বিতরণ করা হয়। অভিযোগ, তৃণমূল জমানায় এই সমস্ত ব‍্যাঙ্কগুলি থেকে অবকাঠামোগত ঋণ এবং অন্যান্য দীর্ঘমেয়াদি ঋণ দেওয়া হয়েছে। তার জন‍্য ব‍্যাঙ্কগুলি কোনও নির্ধারিত আইন মানেনি। কোনও ক্ষেত্রে প্রভাব খাটিয়ে ঋণ নেওয়া হয়ে। আবার কখনও ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাতে ঋণের টাকা ঢোকানো হয়েছে। জাল নথি ব‍্যবহার করা হয়েছে। এই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই অডিট করার নির্দেশ দিয়েছেন রাজ‍্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। 

মন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, “কৃষকদের নামে টাকা বরাদ্দ হলেও সেই অর্থ প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছোয়নি। বহু ক্ষেত্রে প্রভাবশালীদের স্বার্থে ঋণ বিতরণ করা হয়েছে।” তিনি আরও জানান, দুর্নীতির সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না এবং প্রয়োজনে ফৌজদারি ধারায় মামলা রুজু করে তদন্তও শুরু হতে পারে। 

উল্লেখ্য, ২০২৩ সালে আলিপুরদুয়ারের মহিলা সমবায় সমিতিতে ৫০ কোটির বেশি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছিল। যার প্রেক্ষিতে সিআইডিকে তদন্ত শুরু করে। তা বন্ধ করতে বলে বন্ধ করতে বলে সিবিআই এবং ইডিকে তদন্তের নির্দেশ দিয়েছিল তৎকালীন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বস্তুত, আর্থিক নয়ছয়ের অভিযোগে সিবিআই এবং ইডি-র হস্তক্ষেপ চেয়ে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে মামলা হয়েছিল।

অন্য দিকে, আলিপুর বডিগার্ড লাইনে পুলিশ কো-অপারেটিভ ব্যাঙ্কেও দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। সে ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ কলকাতা পুলিশের প্রভাবশালী ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। দাবি, শান্তনু বিভিন্ন পুলিশকর্মীদের নথি ব‍্যবহার করে অ‍্যাকাউন্ট খুলেছে। পরে সেই অ্যাকাউন্টগুলির মাধ্যমে আর্থিক লেনদেনের নামে বড় অঙ্কের টাকা সরানোর অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি জমি দখল মামলায় ইডির হেফাজতে রয়েছেন। 


Share