Suvendu Adhikari

‘প্রচার হোক তিনি চাননি,’ হাসপাতালে চিকিৎসাধীন মিঠুন চক্রবর্তীকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, আর কী বললেন?

মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “তাঁর হাতে একটা ছোট অস্ত্রোপচার হয়েছে। তিনি ভালো আছেন। একে বারেই সুস্থ আছেন। এই বিষয়টি নিয়ে প্রচার হোক তিনি চাননি। আমরা কয়েক জন এই বিষয়টি জানতাম।”

মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৭ আগস্ট ২০২৬ ০২:০৪

অসুস্থ বিজেপি নেতা তথা বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালের ভর্তি রয়েছেন। তাঁকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই বিষয়ে প্রচার হোক তিনি চাননি।”

হাসপাতাল থেকে বেরিয়ে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “তাঁর হাতে একটা ছোট অস্ত্রোপচার হয়েছে। তিনি ভালো আছেন। একে বারেই সুস্থ আছেন। এই বিষয়টি নিয়ে প্রচার হোক তিনি চাননি। আমরা কয়েক জন এই বিষয়টি জানতাম। আমাকে বলেই এসেছেন। আমি আজ দেখে গেলাম। তিনি শিঘ্রই হাসপাতাল থেকে ছুটি পেয়ে যাবে।”

প্রসঙ্গত, গত ২০২৪ সালে বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা হাতে চোট পেয়েছিলেন। সেই সময় তিনি বলেছিলেন, “হায়দরাবাদ থেকে ওরা লুক টেস্টের জন্য এসেছিল। সেই সময় লিফট ছিল না। পরিচালক আসার আগেই সিঁড়ি থেকে পড়ে যাই। হাতে গুরুতর চোট পাই। চিকিৎসকেরা হাসপাতালের ভর্তি হওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন। পরের দিন অস্ত্রোপচার হয়। খুবই কষ্টকর ছিল। তার পরে সেলাই কাটা হল। এর পরেই মুম্বইতে চলে গেলাম।” 

তিনি আরও বলেছিলেন, “সবই ঠিকঠাক ছিল। আবার শৌচালয় থেকে বেরিয়ে আবার পড়ে গিয়ে হাতে চোট পেলাম। এত দিন ওষুধ খেয়েই কাজ করেছি।” চিকিৎসকদের পরামর্শে তাঁকে দীর্ঘদিন বিশ্রামে থাকতে হয়েছিল। গতকাল তাঁর অস্ত্রোপচার হয়েছে। তাই তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।


Share