Accident

দুর্গাপুরে ডিপিএলের কুলিং টাওয়ার থেকে পড়ে মৃত্যু দুই ঠিকাকর্মীর, আহত আরও একজন

সেফটি বেল্ট ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৩:৩৬

দুর্গাপুরে ডিপিএলের কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। প্রাণ হারালেন দুই ঠিকাকর্মী। বুধবার সকাল সাড়ে ১১টা নাগাদ কারখানার কুলিং টাওয়ারে মেরামতির কাজ চলছিল। সেই সময়ে এই দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম উমেশ সাউ ও পিন্টু ঘোষ। তাঁদের বয়স ৪৯ থেকে ৫৪ বছরের মধ্যে বলে জানা গিয়েছে।

কারখানা সূত্রে জানা গিয়েছে, ওই দুই কর্মী কুলিং টাওয়ারের উপরে উঠে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন। নিরাপত্তার জন্য দু'জনেরই কোমরে সেফটি বেল্ট বাঁধা ছিল। কাজ চলাকালীন আচমকাই সেই সেফটি বেল্ট ছিঁড়ে যায়। ফলে প্রায় ২০০ ফুট উপর থেকে তাঁরা নীচে পড়ে যান। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ডিপিএলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছোন। পরে কোক-ওভেন থানার পুলিশ এবং বিএমএস-এর প্রতিনিধিরাও সেখানে যান। বিএমএস নেতৃত্বের দাবি, মৃত দুই কর্মীর পরিবারের একজন সদস্যকে চাকরি দিতে হবে। উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

ঘটনা প্রসঙ্গে ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র জানান, কুলিং টাওয়ার থেকে পড়ে দুই ঠিকাকর্মীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ঘটনায় আরও একজন কর্মী আহত হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।


Share