Fire Incident

সালানপুরে মাঝরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ একই পরিবারের তিনজন, ক্ষতিগ্রস্ত তিনতলা বাড়ি ও পোশাকের দোকান

শুক্রবার রাত প্রায় দেড়টা নাগাদ পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন আছড়া গ্রামে আচমকাই একটি দোকানে আগুন লাগে। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বাড়ির ছাদে আটকে থাকা পরিবারের অন্য সদস্যদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

আগুনে একটি তিনতলা বাড়ি এবং তার নিচে থাকা পোশাকের দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান
  • শেষ আপডেট: ০৪ জুলাই ২০২৬ ০৩:০৪

শুক্রবার গভীর রাতে পশ্চিম বর্ধমানের সালানপুর ব্লকের রূপনারায়ণপুর সংলগ্ন আছড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে একটি তিনতলা বাড়ি এবং তার নিচে থাকা পোশাকের দোকান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছে। যার মধ্যে ১২ বছরের এক কিশোরও রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সামডি রোডের বাসিন্দা ও ব্যবসায়ী উদয় ঘোষের বাড়ির নিচতলায় একটি পোশাকের দোকান রয়েছে। কিছু মাস পরেই দুর্গাপুজো। তাই দোকানে প্রচুর নতুন জামাকাপড় মজুত করা হয়েছিল। শুক্রবার রাত প্রায় দেড়টা নাগাদ আচমকাই দোকানে আগুন লাগে। ঘুমন্ত অবস্থায় আগুনের বিষয়টি টের পায় উদয় ঘোষ। দরজা খুলতেই আগুনের লেলিহান শিখা তাঁদের গ্রাস করে। এতে উদয় ঘোষ, তাঁর স্ত্রী পম্পা ঘোষ এবং তাঁদের ১২ বছরের ছেলে গুরুতরভাবে দগ্ধ হন।

ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় বাড়ির ছাদে আটকে থাকা পরিবারের অন্য সদস্যদের নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। তবে দমকল কেন্দ্র ঘটনাস্থল থেকে দূরে ছিল। তাই পৌঁছোতে কিছুটা সময় লাগে। প্রায় এক ঘণ্টা পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দগ্ধ তিনজনকে প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরে তাঁদের আসানসোলের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

এই ঘটনার পর ফের রূপনারায়ণপুর এলাকায় একটি স্থায়ী দমকল কেন্দ্র গড়ে তোলার দাবি জোরালো হয়েছে। স্থানীয়দের মতে, কাছাকাছি দমকল কেন্দ্র থাকলে ভবিষ্যতে এমন জরুরি পরিস্থিতিতে আরও দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।


Share