Fire Incident

গভীর রাতে আগুনে পুড়ল ভাদুর গ্রামের সুস্বাস্থ্য কেন্দ্র, ব্যাহত স্বাস্থ্য পরিষেবা

ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রের ভেতরের প্রায় সমস্ত সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায় এবং বুধবার স্বাস্থ্য পরিষেবাও ব্যাহত হয়।

আগুন সুস্বাস্থ্য কেন্দ্রে।
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান
  • শেষ আপডেট: ০৭ মে ২০২৬ ০২:৩৮

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর গত কয়েকদিন ধরে বিভিন্ন জেলায় ভোট পরবর্তী হিংসা অশান্তির আবহ তৈরি হয়েছে। এবার পশ্চিম বর্ধমানে সুস্বাস্থ্য কেন্দ্রে আগুন লাগানোর ঘটনা সামনে এসেছে। অন্ডাল ব্লকের ভাদুর গ্রামে ঘটনাটি ঘটেছে। অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা ওই স্বাস্থ্যকেন্দ্রে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে থাকা প্রায় সমস্ত জিনিসপত্র পুড়ে নষ্ট হয়ে যায়।

বুধবার সকালে কর্মীরা স্বাস্থ্যকেন্দ্রে এসে দেখেন মূল প্রবেশদ্বারে তালা ঝুলছে। অভিযোগ, লাঠির মাথায় কাপড় বেঁধে তাতে আগুন লাগিয়ে স্বাস্থ্যকেন্দ্রে ছুড়ে দেওয়া হয়েছিল। আগুনের জেরে স্বাস্থ্যকেন্দ্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার কারণে বুধবার স্বাস্থ্য পরিষেবাও ব্যাহত হয়। এই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। তবে কারা বা কোন উদ্দেশ্যে এই আগুন লাগানোর ঘটনা ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এদিকে রানিগঞ্জের বিজেপির জয়ী প্রার্থী পার্থ ঘোষ জানিয়েছেন, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হয়েছে।


Share