Fire Incident

দুর্গাপুরে ব্যাঙ্কে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পেল লকার রুম, তদন্তে পুলিশ

অগ্নিকাণ্ডের জেরে বৃহস্পতিবার ব্যাঙ্কের পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।

আগুনে পুড়ে যায় ব্যাংকের সামনের অংশ।
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর
  • শেষ আপডেট: ১৪ মে ২০২৬ ০২:২৫

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার রাতের এই ঘটনায় আগুনে পুড়ে যায় দুর্গাপুর অ্যালয় স্টিল প্ল্যান্ট সংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সামনের অফিস অংশ। তবে ব্যাঙ্কের লকার রুম বড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে। প্রাথমিকভাবে দমকলের অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়দের দাবি, মঙ্গলবার গভীর রাতে প্রথমে ব্যাঙ্কের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই সামনের অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে, মুহূর্তের মধ্যে গোটা এলাকা আতঙ্কিত হয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে আসেন। সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়।

খবর পেয়ে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। দীর্ঘক্ষণ চেষ্টার পর দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। যদিও ততক্ষণে ব্যাঙ্কের ফ্রন্ট অফিসের বেশিরভাগ অংশই পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার খবর পেয়ে ব্রাঞ্চ ম্যানেজার অরুণ মাহাতো-সহ অন্যান্য কর্মীরা রাতেই ব্যাঙ্কে পৌঁছে যান।

ঘটনার পর ব্রাঞ্চ ম্যানেজার জানান, ফোন পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছোন। ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখেন দমকল আগুন নেভানোর কাজ করছে। তাঁর কথায়, ব্যাঙ্কের সামনের অফিস অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। আসবাবপত্র থেকে গুরুত্বপূর্ণ নথি— অনেক কিছুই আগুনে নষ্ট হয়ে গিয়েছে। তবে স্বস্তির খবর, লকার রুমে আগুন পৌঁছতে পারেনি। সেটি সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এই ব্যাঙ্কে অ্যালয় স্টিল প্ল্যান্টের বহু কর্মী ও স্থানীয় বাসিন্দাদের অ্যাকাউন্ট রয়েছে। 

অগ্নিকাণ্ডের জেরে বৃহস্পতিবার ব্যাঙ্কের পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। পুড়ে যাওয়া অংশ পরিষ্কার করা এবং নতুন করে অফিস সাজানোর কাজ শেষ হতে কয়েক দিন সময় লাগতে পারে বলে অনুমান করা হচ্ছে।

ঘটনার জেরে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যদিও লকার নিরাপদ থাকায় কিছুটা স্বস্তি মিলেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


Share