Accident

বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর, উত্তপ্ত আসানসোল, ডাম্পারে আগুন ক্ষুব্ধ জনতার

ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনে সামিল হন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কিছু ডাম্পারে আগুন লাগানো হয়।

ঘটনাস্থলে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ও ডাম্পারে আগুন
নিজস্ব সংবাদদাতা, আসানসোল
  • শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১১:২৬

বালি বোঝাই ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রানিগঞ্জ থানার নিমচা ফাঁড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে। বালি বোঝাই একটি ডাম্পারের ধাক্কায় তিনি গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। দুর্ঘটনার প্রতিবাদে এবং দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার জেরে আসানসোল দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভে সামিল হন। মৃতের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যের চাকরির দাবিতে তিনিও ধর্ণায় বসেন।

এদিকে, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে কিছু উত্তেজিত বাসিন্দা তিরাট এলাকায় দামোদর নদী থেকে বালি তোলার কাজে যুক্ত একাধিক ডাম্পারে আগুন লাগিয়ে দেন। ফলে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। পুরো ঘটনায় এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে।


Share