Suicide

আইফোনের কিস্তির টাকা না দেওয়ায় বাবাকে নিয়ে পাহাড়ের খাদে ঝাঁপ তরুণের, সহ‍্য করতে না পেরে আত্মঘাতী মা, মহারাষ্ট্রের ঘটনা

মহারাষ্ট্রে সম্ভাজিনগরে ঘটনাটি ঘটেছে। পুলিশের প্রাথমিক অনুমান আইফোনের কিস্তির টাকা নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পাহাড় থেকে ২০০ ফুট নীচে পড়লেন তিন জন।
নিজস্ব সংবাদদাতা, মহারাষ্ট্র
  • শেষ আপডেট: ২২ আগস্ট ২০২৬ ০২:৪৬

আইফোন কিনেছিলেন তরুণ। তার কিস্তি চলছিল। কিন্তু ১৮ বছর বয়সী কুনাল মুরলীধরের বাবা জানিয়ে দেন, তিনি ফোনের কিস্তির টাকা দিতে পারবেন না। কারণ তাঁর কিস্তির টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। এর পরেই অভিমান করে কুনাল বাড়ি থেকে বেরিয়ে যান। উদ্দেশ্য ছিল নিজেকে শেষ করে দেওয়ার। কুনালের পিছু করেন বাবা এবং মা।

শুক্রবার সকাল ১০টা বাজে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর জেলায় তিসগাঁও এলাকায় খাভদ‍্যা পাড়ে চড়ে যান। তরুণের পড়নে সাদা জামা, পায়ে স্নিকার জুতো, কালো ট্রাউজার ছিল। তার ঠিক বাঁ দিকের একটু দূরেই ছিল তাঁর বাবা। হাত দশেক দূরে বসেছিল তাঁর মা। তাঁর কিছুটা দূরে দাঁড়িয়ে ছিল গ্রামবাসীরা। 

সেই সময় মা তাঁর ছেলেকে বলেন, “এ দিকে চলে আয় বাবা, তুই,”। কুনালের তরফে উত্তর আসে ‘না’। বলতে থাকে, “তোমরা এগোনোর চেষ্টা করও না। তা হলে কিন্তু ঝাঁপ দেব।” এই শুনে কেউ এগোতে সাহস পাচ্ছিল না। যদি কুনাল সত্যিই ঝাঁপ দিয়ে দেয়। এরই মধ্যে বাবা-মা গ্রামবাসীদের মধ‍্যে কথোপকথন চলতে থাকে। বাবা একবার উঠে দাঁড়াচ্ছেন, একবার বসে পড়ছেন। কিন্তু এগোনোর চেষ্টা করলেই বারবার ছেলের তরফে আসছিল হুমকি। 

এই ভাবেই তিন ঘন্টা কেটে যায়। সমস্ত বোঝানোর চেষ্টা ব‍্যর্থ হয়। তখন ঘড়িতে বাজে দুপুর ১টা। কুনালের সঙ্গে কথা বলতে বলতে বাবা এগিয়ে যান। মনে করেন হাত ধরে হেঁচকা টান দিয়ে নামিয়ে আনবেন। সেই মতো মাও এগিয়ে যান। করেনও তাই। কিন্তু বাবার হাত ছাড়ানোর চেষ্টা করেন। সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। বাবাকে নিয়ে ২০০ ফুট নীচে পাহাড়ের খাদে পড়ে যায় কুনাল। স্বামী এবং ছেলের এমন দৃশ্য দেখে সহ‍্য করতে না পেরে কিছু বোঝার আগেই মাও ঝাঁপ দেন। পাহাড়ের ওপরে দাঁড়িয়ে থাকা গ্রামবাসীরা কার্যত অসহায়ের মতো দাঁড়িয়ে তার সাক্ষী রইলেন।

পুলিশ তিন জনের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তিন জনকেই মৃত বলে ঘোষণা করেন। মহারাষ্ট্রের এই ঘটনায় গোটা দেশ হতবাক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের বাকি সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানান। আজ, শনিবার দেহের ময়নাতদন্ত হবে বলে জানা গিয়েছে।


Share