School Syllabus

পাঠ্যবইয়ে ফিরল ১৯৭৫-এর জরুরি অবস্থা! আন্দোলন থেকে সরকারের পরাজয়, সবই থাকছে নবম শ্রেণির পাঠ্যক্রমে

সেখানে উল্লেখ করা হয়েছে, ১৯৭০-এর দশকের শুরুতে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং সুশাসনের অভাব নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ ক্রমশ বাড়ছিল। সেই পরিস্থিতি থেকেই দেশজুড়ে প্রতিবাদের আবহ তৈরি হয়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ২৫ জুন ২০২৬ ১০:৪৮

নবম শ্রেণির সমাজবিজ্ঞান পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হল জরুরি অবস্থার ইতিহাস। এনসিইআরটির নতুন বই ‘আন্ডারস্ট্যান্ডিং সোসাইটি: ইন্ডিয়া অ্যান্ড বিয়ন্ড’-এ ১৯৭৫-৭৭ সালের জরুরি অবস্থাকে ভারতের গণতন্ত্রের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, বইটির সংশ্লিষ্ট অধ্যায়ে জরুরি অবস্থার পটভূমি, কারণ এবং তার প্রভাব বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, ১৯৭০-এর দশকের শুরুতে বেকারত্ব, মূল্যবৃদ্ধি এবং সুশাসনের অভাব নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ ক্রমশ বাড়ছিল। সেই পরিস্থিতি থেকেই দেশজুড়ে প্রতিবাদের আবহ তৈরি হয়।

অধ্যায়ে বলা হয়েছে, “ভারতে গণতন্ত্রের অন্যতম প্রধান একটি চ্যালেঞ্জ হিসাবে ১৯৭৫-৭৭ সালে জরুরি অবস্থা জারির ঘটনাটি নথিভুক্ত হয়েছে। ১৯৭০-এর দশকের শুরুতে ইন্দিরা গান্ধীর সরকারের প্রতি জনগণের অসন্তোষ বাড়ছিল। ক্রমবর্ধমান বেকারত্ব, মুদ্রাস্ফীতি এবং সুশাসনের অভাবের মতো বিভিন্ন অভিযোগে ব্যাপক প্রতিবাদের জন্ম দিয়েছিল।”

জরুরি অবস্থার বিরুদ্ধে জনমত গড়ে তোলার ক্ষেত্রে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে পরিচালিত আন্দোলনের ভূমিকাও বইটিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি, ১৯৭৭ সালে জরুরি অবস্থা প্রত্যাহারের পর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে তৎকালীন সরকারের পরাজয়কে গণতন্ত্রের শক্তি ও জনগণের মতামতের প্রতিফলন হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

ঘটনার ৫০ বছর পর এই অধ্যায় স্কুলপাঠ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মৌলিক অধিকার ও নাগরিক দায়িত্ব সম্পর্কে সচেতন করতে বইটিতে ‘ডেমোক্রেসি অ্যান্ড ইউ’ নামে একটি পৃথক অধ্যায় রাখা হয়েছে। সেখানে নাগরিক কর্তব্যের পাশাপাশি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবাদমাধ্যমের ভূমিকা নিয়েও বিশদ আলোচনা করা হয়েছে।


Share