Firing at Maharashtra

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসেই রক্তাক্ত সেনা ঘাঁটি, মেজরের গুলিতে মৃত্যু সুবেদার মেজরের

অভিযোগ, ফায়ারিং প্র্যাকটিস শেষ হওয়ার পর খুব কাছ থেকে ৫.৫৬ মিলিমিটার ইনসাস রাইফেল দিয়ে সুবেদার মেজর ওম বাহাদুর খাণ্ডকে লক্ষ্য করে গুলি চালান তিনি। সেই সময় মাঠ থেকে খালি কার্তুজ সংগ্রহ করছিলেন ওম বাহাদুর।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, পুলগাঁও
  • শেষ আপডেট: ১৬ মে ২০২৬ ০১:৫৫

মহারাষ্ট্রের পুলগাঁও সেনা ঘাঁটিতে ফায়ারিং প্র্যাকটিস চলাকালীন এক জুনিয়র কমিশনড অফিসারকে গুলি করে খুনের অভিযোগ উঠল এক মেজরের বিরুদ্ধে। নিহত সেনা আধিকারিকের নাম সুবেদার মেজর ওম বাহাদুর খাণ্ড। অভিযুক্ত মেজর মনন তিওয়ারিকে ইতিমধ্যেই সেনা হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার ভোরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে সেনা মহলে।

পুলিশ ও সেনা সূত্রে জানা গিয়েছে, সেন্ট্রাল অ্যামিউনিশন ডিপোতে কর্মরত ছিলেন অভিযুক্ত মেজর মনন তিওয়ারি। অভিযোগ, ফায়ারিং প্র্যাকটিস শেষ হওয়ার পর খুব কাছ থেকে ৫.৫৬ মিলিমিটার ইনসাস রাইফেল দিয়ে সুবেদার মেজর ওম বাহাদুর খাণ্ডকে লক্ষ্য করে গুলি চালান তিনি। সেই সময় মাঠ থেকে খালি কার্তুজ সংগ্রহ করছিলেন ওম বাহাদুর। গুলি লাগার সঙ্গে সঙ্গেই তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর।

ঘটনার প্রত্যক্ষদর্শী ল্যান্স নায়েক বীর সিং ধামির দাবি, আচমকাই গুলি চালান অভিযুক্ত মেজর। ঘটনার পর পালানোর চেষ্টা করেন মনন তিওয়ারি। তবে উপস্থিত অন্যান্য জওয়ানরা দ্রুত তাঁকে ধরে ফেলেন। পরে তাঁকে সেনা হেফাজতে নেওয়া হয়। পুলগাঁও থানায় এফআইআর দায়ের হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, পরবর্তীতে অভিযুক্তকে ওয়ার্ধা পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

তদন্তে নেমেছে সেনা ও ওয়ার্ধা পুলিশ। যদিও অভিযোগ, ঘটনার প্রাথমিক পর্যায়ে ওয়ার্ধা পুলিশকে সিএডি চত্বরে প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। নিহত ওম বাহাদুর খাণ্ড ‘ডিফেন্স সিকিউরিটি কোর’-এর কর্মী ছিলেন। এই বাহিনীতে সাধারণত অবসরপ্রাপ্ত সেনাকর্মীদের পুনর্নিয়োগ করা হয় এবং গুরুত্বপূর্ণ সেনা স্থাপনার নিরাপত্তার দায়িত্ব পালন করে তারা।

উল্লেখ্য, ব্রিটিশ আমলে তৈরি পুলগাঁওয়ের এই সেন্ট্রাল অ্যামিউনিশন ডিপো এশিয়ার অন্যতম বৃহৎ গোলাবারুদ ভাণ্ডার। অতীতেও একাধিক দুর্ঘটনার সাক্ষী থেকেছে এই সেনা ঘাঁটি। ২০১৬ সালে অ্যান্টি-ট্যাঙ্ক মাইন বিস্ফোরণে এক লেফটেন্যান্ট কর্নেল-সহ ১৮ জনের মৃত্যু হয়েছিল এখানে। পরে পুরনো বোমা নিষ্ক্রিয় করার সময়ও প্রাণ হারান কয়েকজন শ্রমিক।


Share