Indian Returns Safely from Iran

বিক্ষোভ, ইন্টারনেট বন্ধ, আতঙ্ক! ইরান থেকে ফিরে অভিজ্ঞতা জানালেন ভারতীয়রা

ইরানের অশান্ত পরিস্থিতির মাঝেই দু’টি বিমানে দেশে ফিরলেন ভারতীয়দের একাংশ। ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে কেন্দ্র ও ভারতীয় দূতাবাসের তৎপরতায় কৃতজ্ঞতা প্রকাশ করলেন তাঁরা।

বিক্ষোভরত ইরান
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৬:৪০

ইরান থেকে ভারতে ফিরেছেন ভারতীয়দের একাংশ। শুক্রবার মধ্যরাতে ভারতীয়দের নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে দু’টি বিমান। সেখান থেকে ফিরে এসে নিজেদের অভিজ্ঞতার কথা জানালেন তাঁরা। পাশাপাশি, ভারতে পৌঁছানোর পরেই সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য কেন্দ্র এবং ইরানের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানান ওই ভারতীয়রা।

ইরান থেকে ফিরে এসে অধিকাংশ ভারতীয়রা জানান, সে দেশে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তাঁরা। রাস্তায় বেরোলে গাড়ি আটকে রেখেছেন বিক্ষোভকারীরা। সে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না-পারার কথাও জানিয়েছেন অনেকে।

ইরান থেকে ফেরা এক ভারতীয়ের কথায়, “ওখানকার পরিস্থিতি খারাপ। ভারত সরকার অনেক সাহায্য করেছে আমাদের। ভারতীয় দূতাবাস থেকে আমাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করা হয়েছে।”

গত ২৮ ডিসেম্বর থেকে গণবিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে ওঠে ইরান। মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হয়েছ এই আন্দোলন। কিন্তু এখন তা ঘুরে গিয়েছে সে দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজ়েকশিয়ানের দিকে। এই পরিস্থিতিতে ইরান থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে হয়েছে সক্রিয় কেন্দ্র। চলতি বছরে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে দু’দফায় বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিদেশ মন্ত্রকের তরফ থেকে। পশ্চিম এশিয়ার দেশটির সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে নয়াদিল্লি প্রথম বিজ্ঞপ্তিটি জারি করেছিল গত ৫ জানুয়ারি। ন’দিনের মাথায় বুধবার বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ফের ইরান নিয়ে ভারতীয় নাগরিকদের উদ্দেশে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন। তাতে বলা হয়, ‘‘ইরানের সাম্প্রতিক ঘটনাবলি দেখে ভারতীয় নাগরিকদের পুনরায় পরামর্শ দেওয়া হচ্ছে, এ বিষয়ে পুনরায় বিজ্ঞপ্তি না-দেওয়া পর্যন্ত কেউ ওই দেশে যাবেন না।”


Share