Nagaland Blast

ডিমাপুরের দিকে যাওয়ার পরে আইইডি বিস্ফোরণ! নাগাল‍্যান্ডের ঘটনায় বীরগতি এক সেনা জওয়ান, গুরুতর জখম আরও চার জন

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, “চুমৌকেদিমার এই বোমা বিস্ফোরণ কাপুরুষোচিত কাজ। আমাদের সমাজে এদের কোনও স্থান নেই। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা রইল। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আমাদের রাজ্যের শান্তি ও নিরাপত্তাকে এ ভাবে বিঘ্নিত করতে দেওয়া হবে না।”

ক্ষতিগ্রস্ত সেনাবাহিনীর গাড়ি।
নিজস্ব সংবাদদাতা, নাগাল্যান্ড
  • শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১০:৩৭

নাগাল্যান্ডে বিস্ফোরণ। রাস্তায় পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় এক অসম রাইফেলসের জওয়ান বীরগতি প্রাপ্তি হয়েছে। ঘটনায় আরও চার জওয়ান গুরুতর জখম হয়েছে। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এলাকায় ব‍্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

সোমবার দুপুরে নাগাল্যান্ডের চুমৌকেদিমা জেলায় ঘটনাটি ঘটেছে। প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানান, সুখোভি এলাকার কাছে একটি আইইডি বিস্ফোরণের জেরে এই ঘটনাটি ঘটেছে। প্রাথমিক ভাবে তথ্য অনুযায়ী, অসম রাইফেলসের একটি কনভয় ডিমাপুরের দিকে ফিরছিল। সেই সময় রাস্তার ধারে রাখা বিস্ফোরকটি ফেটে যায়। এই ঘটনায় চুমৌকেদিমার পুলিশের ডেপুটি কমিশনার নিকো ভেনুহ জানান, বিস্ফোরণের প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে। কী ভাবে বিস্ফোরণ ঘটল তা জানতে ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল স্কোয়াডকে পাঠানো হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।

ইতিমধ্যেই সংবাদমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, স্থানীয় বাসিন্দারাই গাড়িতে থাকা জখম জওয়ানদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাচ্ছেন। তবে নাগাল‍্যান্ডের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিকল্পিত ভাবে নিরাপত্তাবাহিনীর ওপর হামলা করা হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, গত সপ্তাহেই মণিপুরের উখরুল জেলায় জঙ্গিদের হামলায় অসম রাইফেলসের দুই জওয়ান বীরগতি প্রাপ্ত হয়েছিলেন।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এই ঘটনার নিন্দা করেছেন। তিনি বলেন, “চুমৌকেদিমার এই বোমা বিস্ফোরণ কাপুরুষোচিত কাজ। আমাদের সমাজে এদের কোনও স্থান নেই। ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা রইল। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। আমাদের রাজ্যের শান্তি ও নিরাপত্তাকে এ ভাবে বিঘ্নিত করতে দেওয়া হবে না।”


Share