Knife Threat Horror

বর্ষবরণের সন্ধ্যায় চাঞ্চল্য বিজনোরে, পোশাকের দোকানে নাবালিকাকে খুনের হুমকি যুবকের

নাজিবাবাদ বাজারে নাবালিকার গলায় ছুরি ঠেকিয়ে টাকা দাবি করে চাঞ্চল্য ছড়ায়। পুলিশি অভিযানে আধঘণ্টা পর অক্ষত উদ্ধার কিশোরী, গ্রেফতার বারাবাঁকির যুবক।

নাবালিকাকে খুনের হুমকি যুবকের
নিজস্ব সংবাদদাতা, উত্তরপ্রদেশে
  • শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ০৭:৫৯

উত্তরপ্রদেশের বিজনোরে এক নাবালিকাকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়াল। বুধবার সন্ধ্যায় নাজিবাবাদ বাজারের একটি পোশাকের দোকানে ওই নাবালিকা কেনাকাটা করতে গিয়েছিল। অভিযোগ, সেই সময় মুখে মাস্ক পরা এক যুবক হঠাৎই তাকে পিছন থেকে জাপটে ধরে গলায় ধারালো ছুরি ঠেকিয়ে টাকা দাবি করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দোকানে তখন দুই নাবালিকা কেনাকাটা করছিল। অভিযুক্ত যুবক এক কিশোরীকে ধরে হুমকি দেয়, সে চিৎকার করলে ছুরি দিয়ে গলা কেটে দেবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়। উপস্থিত কয়েকজন যুবককে আটকানোর চেষ্টা করলেও ছুরি হাতে থাকায় কেউ সফল হননি।

সৌভাগ্যক্রমে বর্ষবরণ উপলক্ষে ওই এলাকায় আগে থেকেই নাজিবাবাদ থানার পুলিশ মোতায়েন ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রথমে আলোচনার মাধ্যমে অভিযুক্তকে শান্ত করার চেষ্টা করা হয়। তবে সে অনড় থাকায় পুলিশকর্মীরা ঝাঁপিয়ে পড়ে তাকে কাবু করেন। প্রায় আধ ঘণ্টার অভিযানের পর নাবালিকাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং অভিযুক্তের হাত থেকে ছুরি কেড়ে নেওয়া হয়।

নাবালিকার শরীরে কোনও আঘাত না লাগলেও সে মানসিকভাবে ভেঙে পড়েছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে নাবালিকার পরিচয় প্রকাশ করা হয়নি।

পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে। জেরায় সে জানিয়েছে, তার নাম অজিত এবং সে বারাবাঁকি জেলার বাসিন্দা। অভিযুক্তের দাবি, ‘শান্তিতে থাকার জন্য’ সে ইচ্ছাকৃতভাবে জেলে যেতে চেয়েছিল, সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে।

নাজিবাবাদ থানার পুলিশ অফিসার নীতেশ প্রতাপ সিং জানান, অভিযুক্ত যেহেতু টাকার দাবিও করেছিল, তাই তার আসল উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। কেন সে বারাবাঁকি থেকে নাজিবাবাদে এসেছিল এবং তার মানসিক অবস্থার বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


Share