NEET Re-Exam

নিটে প্রশ্নফাঁস কাণ্ডের পর বড় ঘোষণা, ২১ জুন ফের পরীক্ষা, বসবেন ২২ লক্ষ পরীক্ষার্থী

শুক্রবার এনটিএ তাদের এক্স হ্যান্ডলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, কেন্দ্রীয় সরকারের সম্মতি নিয়েই নতুন পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৫ মে ২০২৬ ১০:৪২

নিট-ইউজি পরীক্ষার নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন ফের অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। দেশজুড়ে প্রায় ২২ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেবেন। শুক্রবার এনটিএ তাদের এক্স হ্যান্ডলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, কেন্দ্রীয় সরকারের সম্মতি নিয়েই নতুন পরীক্ষার দিন নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ৩ মে আয়োজিত নিট পরীক্ষার পর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক তৈরি হয়। কয়েক দিনের মধ্যেই সামনে আসে প্রশ্ন ফাঁসের তথ্য। পরিস্থিতির জেরে শেষ পর্যন্ত পুরো পরীক্ষাই বাতিল করে দেয় এনটিএ। শুক্রবারের বিজ্ঞপ্তিতে অভিভাবক ও পরীক্ষার্থীদের পরবর্তী সমস্ত আপডেট এবং পরীক্ষাসংক্রান্ত তথ্যের জন্য এনটিএর সরকারি ওয়েবসাইট নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিটের প্রশ্নফাঁসের ঘটনা সামনে আসতেই দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। এরপর গত ১২ মে নিট-ইউজি পরীক্ষা বাতিলের ঘোষণা করে এনটিএ। সেই সিদ্ধান্তে অনিশ্চয়তায় পড়ে যান লক্ষ লক্ষ পরীক্ষার্থী। বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের বিক্ষোভও দেখা যায়। পরীক্ষা বাতিলের পর এনটিএ জানিয়েছিল, ৭ থেকে ১০ দিনের মধ্যে নতুন পরীক্ষার দিন ঘোষণা করা হবে। সেই প্রতিশ্রুতি মেনেই শুক্রবার পুনরায় পরীক্ষার দিন ঘোষণা করা হয়েছে।

এদিকে, প্রশ্নফাঁস কাণ্ডে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিবিআই। এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তিন জন রাজস্থানের, এক জন মহারাষ্ট্রের এবং এক জন হরিয়ানার বাসিন্দা। তদন্তে উঠে এসেছে, রাজস্থানের সিকার থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। পরে তা হরিয়ানা হয়ে মহারাষ্ট্রের নাসিকে পৌঁছয় এবং সেখান থেকে বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে। তদন্তকারী সূত্রের দাবি, প্রায় ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন কেনাবেচা হয়েছিল। গুরুগ্রামের এক চিকিৎসকের যোগও খতিয়ে দেখা হচ্ছে। নাসিক থেকে এক আয়ুর্বেদিক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, রাজস্থান পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি) ১৩ জনকে গ্রেফতার করেছে। আরও ১৪ জন সন্দেহভাজনকে জেরা করছে সিবিআই।

নিট পরীক্ষা বাতিল ও প্রশ্নফাঁস বিতর্কে এ বার সরব হয়েছে চিকিৎসক সংগঠনগুলিও। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ‘ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন’ (ফাইমা)। সংগঠনের দাবি, নিট-ইউজি পরীক্ষার দায়িত্ব এনটিএ-র হাত থেকে সরিয়ে নতুন একটি স্বাধীন সংস্থার হাতে তুলে দেওয়া হোক। ফাইমার তরফে আইনজীবী তন্বী দুবে আদালতে জানান, বারবার পরীক্ষা বাতিলের ঘটনায় ২২ লক্ষ ৭০ হাজারেরও বেশি পরীক্ষার্থীর মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। নতুন সংস্থা গঠন না হওয়া পর্যন্ত পুনঃপরীক্ষার তদারকির জন্য একটি উচ্চক্ষমতাসম্পন্ন মনিটরিং কমিটি গঠনেরও প্রস্তাব দেওয়া হয়েছে।


Share