Middle East Conflict

হরমুজে একের পর এক হামলায় প্রাণ হারাচ্ছেন ভারতীয় নাবিকরা! ইরান-আমেরিকা সংঘাতের মাঝেই নিরাপত্তায় বড় পদক্ষেপ মোদী সরকারের, চালু হচ্ছে বিশেষ ট্র্যাকিং সিস্টেম

জানা গিয়েছে, হরমুজ প্রণালীতে কর্মরত ভারতীয় নাবিকদের অবস্থান ও গতিবিধির উপর নজরদারি চালাতে বিশেষ একটি ‘ট্র্যাকিং সিস্টেম’ চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৬ ০৮:৫৫

ইরান-আমেরিকার সংঘাতের জেরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। একের পর এক জাহাজে হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু ভারতীয় নাবিক। এই পরিস্থিতিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বড় পদক্ষেপ করল নরেন্দ্র মোদী সরকার। জানা গিয়েছে, হরমুজ প্রণালীতে কর্মরত ভারতীয় নাবিকদের অবস্থান ও গতিবিধির উপর নজরদারি চালাতে বিশেষ একটি ‘ট্র্যাকিং সিস্টেম’ চালু করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

হরমুজ প্রণালীতে ভারতীয় নাবিক থাকা দু’টি তেলবাহী জাহাজে হামলার অভিযোগ ওঠার পর পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক করেন কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল। বৈঠকে নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি বিবৃতি অনুযায়ী, সর্বানন্দ সোনওয়াল ‘ডাইরেক্টরেট জেনারেল অফ শিপিং’ (ডিজিএস)-কে নির্দেশ দিয়েছেন, পারস্য উপসাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে চলাচলকারী প্রতিটি জাহাজে কর্মরত ভারতীয় নাবিকদের তথ্য নথিভুক্ত করতে। জাহাজ যে দেশের পতাকাবাহী হোক না কেন, সেখানে থাকা ভারতীয়দের তথ্য সংরক্ষণ করা হবে। এ ছাড়াও, জাহাজ-ভিত্তিক একটি বিশেষ ড্যাশবোর্ড তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। এই ড্যাশবোর্ডের মাধ্যমে সংশ্লিষ্ট জাহাজের অবস্থান, মালিকানা, বহন করা পণ্য, নাবিক ও কর্মীদের সংখ্যা, সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি, নির্ধারিত যাত্রাপথ, পরবর্তী গন্তব্য এবং সংশ্লিষ্ট বন্দরে উপলব্ধ সুযোগ-সুবিধা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য পাওয়া যাবে। কেন্দ্র জানিয়েছে, পশ্চিম এশিয়ার বর্তমান অস্থির পরিস্থিতিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সর্বানন্দ সোনওয়াল স্পষ্ট জানিয়েছেন, ভারতীয় নাবিকদের নিরাপত্তার প্রশ্নে কোনওরকম আপস করা হবে না।

প্রসঙ্গত, সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানায়, ওমান উপকূলের কাছে ‘মোম্বাসা’ ও ‘আল বাহিয়া’ নামে দুটি জাহাজে হামলা চালিয়েছে ইরান। ওই হামলায় মোট আটজন আহত হন, তাঁদের মধ্যে ছয়জন ভারতীয় নাবিক। ‘মোম্বাসা’ জাহাজে কর্মরত এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে বলেও নিশ্চিত করেছে আবু ধাবি। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায় এখনও পর্যন্ত অন্তত ন’জন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে।


Share