Air India

মাঝআকাশে বিমানের ইঞ্জিনে গোলযোগ! জরুরি অবতরণ জয়পুরে, অল্পের জন্য বড় বিপদ এড়ালেন দিল্লিগামী যাত্রীরা

একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় রবিবার সকালে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিমানে থাকা সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, জয়পুর
  • শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২৮

দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার বিমানে মাঝআকাশে যান্ত্রিক গোলযোগ। একটি ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় রবিবার সকালে রাজস্থানের জয়পুর বিমানবন্দরে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। বিমানে থাকা সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। দেশের অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ঘটনার বিস্তারিত রিপোর্টও তলব করেছে।

জানা গিয়েছে, দিল্লিগামী বিমানটি মাঝআকাশে থাকাকালীন আচমকাই একটি ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিষয়টি বুঝতে পেরে পাইলট দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নেন। সঙ্গে সঙ্গে তিনি জয়পুর বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান। অনুমতি পাওয়ার পর নিরাপদেই জয়পুর বিমানবন্দরে বিমানটি অবতরণ করানো হয়।

পাইলটের কাছ থেকে জরুরি অবতরণের সংকেত পাওয়ার পরই জয়পুর বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। রানওয়েতে প্রস্তুত রাখা হয়েছিল অ্যাম্বুল্যান্স, দমকলের ইঞ্জিন এবং উদ্ধারকারী দল। শেষ পর্যন্ত পাইলটের দক্ষতায় নিরাপদেই বিমানটি রানওয়েতে অবতরণ করে। বিমান মাটিতে নামার পরই স্বস্তি ফেরে যাত্রীদের মধ্যে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, অবতরণের পর বিমানের সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়। তাঁদের গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প বিমানের ব্যবস্থাও করা হয়েছে। এ দিকে, কোন কারণে বিমানের ইঞ্জিনে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছিল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে একটি কারিগরি দল।


Share