Oath Ceremony at Tamilnadu

‘আমি ঈশ্বরের দূত নই’, শপথের মঞ্চে বড় বার্তা বিজয়ের, তামিলনাড়ুতে শুরু নতুন অধ্যায়

রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন। আগামীর জন্য শুভকামনা রইল। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে যাবে।’

দলপতি বিজয়
নিজস্ব সংবাদদাতা, তামিলনাড়ু
  • শেষ আপডেট: ১০ মে ২০২৬ ০১:৫৮

তামিলনাড়ুর রাজনীতির কেন্দ্রবিন্দুতে যে তিনিই থাকবেন, মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই সেই বার্তা স্পষ্ট করে দিলেন টিভিকে প্রধান দলপতি বিজয়। তিনি জানিয়ে দিলেন, সরকারে ভাল কাজের কৃতিত্ব যেমন তাঁর, তেমনই কোনও ব্যর্থতার দায়ও তিনিই নেবেন। অর্থাৎ, জোটসঙ্গীদের চাপের কাছে নতি স্বীকার না করে সকলকে সঙ্গে নিয়েই সরকার চালাতে চান তিনি।

শপথের পর নিজের বক্তব্যে বিজয় বলেন, তিনি কোনও ‘ঈশ্বরের দূত’ নন, বরং সাধারণ পরিবার থেকে উঠে আসা এক সাধারণ মানুষ। তাঁর কথায়, ‘আমি কোনও ঈশ্বরের দূত নই। সাধারণ মানুষ। আমার আমলেই ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়ের নতুন অধ্যায় শুরু হবে।’

নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার সকালে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, ‘তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় থিরু সি. জোসেফ বিজয়কে অভিনন্দন। আগামীর জন্য শুভকামনা রইল। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে কেন্দ্রীয় সরকার তামিলনাড়ু সরকারের সঙ্গে কাজ করে যাবে।’

প্রথম ভাষণেই বিজয় জানান, তিনি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করতে চান না। তবে রাজ্যের উন্নয়নের জন্য তাঁর পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা সময় চেয়েছেন তিনি।

একাধিক জনমুখী ঘোষণাও করেছেন নতুন মুখ্যমন্ত্রী। তিনি জানান, তামিলনাড়ুর বাসিন্দারা ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ পাবেন। পাশাপাশি মাদক রুখতে কড়া পদক্ষেপ এবং মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতেও বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

ভাষণের শেষে বিজয়ের মুখে শোনা যায় তামিল শব্দবন্ধ ‘এন নেনজিল কুডিয়িরুক্কুম’, যার অর্থ ‘যাঁরা আমার হৃদয়ে থাকেন’।


Share