Accident

মুখ্যমন্ত্রীর কর্মসূচি থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, ছিন্দওয়াড়ায় বাস-পিকআপ সংঘর্ষে মৃত ১০

জেলার পুলিশ সুপার অজয় পান্ডে জানিয়েছেন, বাসটি মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচি থেকে ফিরছিল। সিমারিয়ার কাছে বিপরীত দিক থেকে আসা পিক-আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হতেই বাসটি নিয়ন্ত্রণ হারায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, মধ্যপ্রদেশ
  • শেষ আপডেট: ২৭ মার্চ ২০২৬ ০৭:০৮

মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনেরও বেশি। বৃহস্পতিবার জেলা সদর থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে সিমারিয়ার কাছে নাগপুর রোডে একটি যাত্রীবাহী বাস ও একটি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

জেলার পুলিশ সুপার অজয় পান্ডে জানিয়েছেন, বাসটি মুখ্যমন্ত্রীর একটি সরকারি কর্মসূচি থেকে ফিরছিল। সিমারিয়ার কাছে বিপরীত দিক থেকে আসা পিক-আপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হতেই বাসটি নিয়ন্ত্রণ হারায়।

প্রশাসনের প্রাথমিক তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে রয়েছেন ছ'জন পুরুষ, ৩ জন মহিলা এবং একটি শিশু। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিষ কুমার জানান, দুর্ঘটনার সময় বাসটিতে ৪০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও স্থানীয় প্রশাসন। অ্যাম্বুল্যান্সের সাহায্যে আহতদের দ্রুত জেলা হাসপাতাল এবং নিকটস্থ অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তারা হাসপাতালে পৌঁছে আহতদের চিকিৎসার তদারকি করছেন এবং নিহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।


Share