Gyanesh Protest

জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আন্দোলনের পরবর্তী রূপরেখা কী? বৈঠকে বসছে ‘ইন্ডি’

পাশাপাশি, বিরোধী নেতাদের নিয়ে একটি যৌথ সাংবাদিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। সেখান থেকেই জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

মল্লিকার্জুন খড়্গের সঙ্গে রাহুল গাঁধী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৬ ১১:১০

জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে তৎপর বিরোধী জোট ‘ইন্ডি’। আন্দোলনের পরবর্তী কৌশল নির্ধারণ করতে মঙ্গলবার বৈঠকে বসছেন বিরোধী সাংসদ, ছাত্র সংগঠনের নেতৃত্ব এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ দিন বিকেলে নিজের বাসভবনে ‘ইন্ডি’র সাংসদদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। পাশাপাশি, বিরোধী নেতাদের নিয়ে একটি যৌথ সাংবাদিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। সেখান থেকেই জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

পিটিআই সূত্রে খবর, মঙ্গলবার বিকেল ৪টেয় দিল্লির ৫, সুনেরি বাগ রোডে রাহুলের বাসভবনে এই চা-চক্রের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নেতা, ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং নাগরিক সমাজের সদস্যদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সোমবার পাঠানো ওই আমন্ত্রণপত্রে রাহুল লিখেছেন, গণতন্ত্র রক্ষার দাবিতে পদযাত্রা এবং মামলা দায়েরের পর মঙ্গলবার বিকেলে ‘ইন্ডি’র নেতাদের যৌথ সাংবাদিক বৈঠক ও চা-চক্রের আয়োজন করা হয়েছে। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। অন্য দিকে, কংগ্রেসের নেতৃত্বে ‘ইন্ডি’ জোটও সমান্তরাল ভাবে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে। ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করে নিজেদের বক্তব্য জানিয়েছেন বিরোধী নেতারা। এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সোমবার মিছিল করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন রাহুল গান্ধী-সহ বিরোধী নেতারা। ওই মিছিলে যোগ দিয়েছিলেন সিজেপির আন্দোলনের অন্যতম মুখ তথা আইসার সর্বভারতীয় সভাপতি নেহা বোরাও।

মঙ্গলবারই সুপ্রিম কোর্টে শুনানির জন্য উঠতে পারে রাহুলদের দায়ের করা মামলা। এমন পরিস্থিতিতে বিরোধী সাংসদদের পাশাপাশি আন্দোলনকারী ছাত্র নেতৃত্ব ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসার উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। যদিও চা-চক্রে ঠিক কারা উপস্থিত থাকবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে এই বৈঠক থেকেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনকে আরও জোরদার করার কৌশল এবং আগামী দিনের কর্মসূচি স্থির হতে পারে বলে রাজনৈতিক মহলের একাংশের অনুমান।


Share