Accident

পুনের পরিত্যক্ত প্ল্যান্টে গ্যাস লিক, অসুস্থ বাসিন্দা ও দমকলকর্মী- সহ ২৪ জন

পুনের কন্ধোয়া এলাকায় পরিত্যক্ত জল শোধনাগারের একটি পুরনো ট্যাঙ্ক থেকে গভীর রাতে ক্লোরিন গ্যাস লিক হয়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।

আচমকাই গ্যাস বেরোতে শুরু করে।
নিজস্ব সংবাদদাতা, পুনে
  • শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ০৩:০৩

পুনের কন্ধোয়া এলাকায় গভীর রাতে ক্লোরিন গ্যাস লিককে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। বুধবার রাত প্রায় ১টা নাগাদ গঙ্গাধাম এলাকার একটি পরিত্যক্ত জল শোধনাগারের গুদামে একটি পুরনো ট্যাঙ্ক ছিল। সেখান থেকেই আচমকাই গ্যাস বেরোতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই সেই বিষাক্ত গ্যাস আশপাশে ছড়িয়ে পড়ে। ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। 

গ্যাসের প্রভাবে শ্বাসকষ্ট-সহ নানা শারীরিক সমস্যায় অনেকে ভুগতে শুরু করেন। খবর পেয়ে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয়। উদ্ধারকাজ শুরু করে। ঘটনায় অন্তত ২২ জন স্থানীয় বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। উদ্ধার অভিযানের সময় দুই দমকলকর্মীও গ্যাসের প্রভাবে অসুস্থ হন। সকলকেই দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দমকল বিভাগের এক আধিকারিক জানান, খবর পেয়েই তারা দ্রুত ব্যবস্থা নেয়। গ্যাস লিক হওয়া ট্যাঙ্কটি মেরামত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বর্তমানে মোট ২৪ জন অসুস্থের অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁদের চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, বহুদিন আগে বন্ধ হয়ে যাওয়া ওই জল শোধনাগারের একটি পুরনো ট্যাঙ্ক গুদামে পড়ে ছিল। সেখান থেকেই এই গ্যাস লিকের ঘটনা ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে প্রশাসন।


Share