Narendra Modi on Paper Leak

NEET প্রশ্নফাঁসে দোষীদের দ্রুত শাস্তি দিতে ফাস্টট্র্যাক কোর্ট, মোদীর ঘোষণার পাল্টা জবাব রাহুলের

NEET প্রশ্নফাঁসে দোষীদের দ্রুত শাস্তি দিতে ফাস্টট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত মোদীর। পাল্টা শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত, ক্ষমাপ্রার্থনা ও অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি রাহুল গান্ধীর।

NEET প্রশ্নফাঁসকান্ড নিয়ে বড় ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৬ ০৫:০৪

NEET-UG প্রশ্নফাঁস কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে ফাস্টট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রীর এই ঘোষণাকে ঘিরেই নতুন করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। মোদীর বার্তার পাল্টা দিয়ে শিক্ষাব্যবস্থা নিয়ে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর দাবি, দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে।

ফাস্টট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত

সোমবার সকালে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্টট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজনীয় পদক্ষেপ করার জন্য সংশ্লিষ্ট দফতর ও আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি। পড়ুয়াদের স্বার্থ সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ বলে দাবি প্রধানমন্ত্রীর। পাশাপাশি, দেশের যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলছে, তাদের কাউকেই রেয়াত করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।

মোদীকে পাল্টা রাহুলের

প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরেই পাল্টা আক্রমণ শানান রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী দেশের শিক্ষাব্যবস্থার ক্ষতি হতে দিয়েছেন এবং এর জন্য দায়ীদের রক্ষা করেছেন। পড়ুয়াদের দাবির কথা তুলে ধরে তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা, পড়ুয়াদের কাছে ক্ষমা চাওয়া এবং আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

কেন উত্তপ্ত দিল্লি?

NEET প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ চলছে। ককরোচ জনতা পার্টির আন্দোলন, অনশন এবং সংসদ অভিযানের ডাক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনাও সামনে এসেছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় বিক্ষোভকারীরা।

এর আগে এনডিএ বৈঠকেও প্রশ্নফাঁস রুখতে কঠোর পদক্ষেপের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন, ভবিষ্যতে পরীক্ষাব্যবস্থাকে আরও নির্ভুল করার বার্তা দিয়েছেন মোদী। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এখনও না মেটায় বিতর্ক থামার লক্ষণ নেই।


Share