PM Narendra Modi

পশ্চিম এশিয়া সংকট, তেলের দাম ও মুদ্রাস্ফীতি নিয়ে চিন্তায় কেন্দ্র, বৃহস্পতিবার হাই-ভোল্টেজ বৈঠকে প্রধানমন্ত্রী মোদী

জানা গিয়েছে, বিদেশ সফর থেকে ফেরার পরই প্রধানমন্ত্রী এই হাই-প্রোফাইল বৈঠকে যোগ দেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ২১ মে ২০২৬ ০৩:০১

বিদেশ সফর সেরে দেশে ফিরেই পুরোদমে সক্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে বৃহস্পতিবার জরুরি ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন তিনি। বিকেল চারটেয় রাজধানী দিল্লির ‘সেবা তীর্থ’-এ শুরু হওয়ার কথা এই বৈঠকের। ইতিমধ্যেই সমস্ত কেন্দ্রীয় মন্ত্রীকে ওই সময়ের মধ্যে দিল্লিতে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, বিদেশ সফর থেকে ফেরার পরই প্রধানমন্ত্রী এই হাই-প্রোফাইল বৈঠকে যোগ দেবেন। শুধু ক্যাবিনেট মন্ত্রীরাই নন, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী এবং বিভিন্ন দফতরের মন্ত্রীদেরও উপস্থিত থাকতে বলা হয়েছে। ফলে বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

সূত্রের খবর, পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান যুদ্ধ পরিস্থিতি এবং তার সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবই আজকের বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে চলেছে। বিশেষ করে ইরান-ইজরায়েল সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা, জ্বালানি সরবরাহ এবং দেশের মুদ্রাস্ফীতির উপর সম্ভাব্য প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

আন্তর্জাতিক পরিস্থিতির দ্রুত পরিবর্তনের প্রেক্ষিতে ভারত সরকার ইতিমধ্যেই সতর্ক অবস্থান নিয়েছে। এই সংকট মোকাবিলায় গঠন করা হয়েছে একটি উচ্চক্ষমতাসম্পন্ন অনানুষ্ঠানিক মন্ত্রীগোষ্ঠী। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বাধীন এই দলে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং পেট্রোলিয়ামমন্ত্রী হরদ্বীপ সিং পুরী।

সম্প্রতি রাজনাথ সিং আশ্বস্ত করে জানিয়েছেন, অপরিশোধিত তেল, জ্বালানি এবং এলপিজির পর্যাপ্ত মজুত বর্তমানে দেশের হাতে রয়েছে। তবে সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিকল্প পরিকল্পনা ও অর্থনৈতিক সুরক্ষার রূপরেখা নিয়েই আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, এই বৈঠককে ঘিরে রাজনৈতিক জল্পনাও তুঙ্গে। আগামী ১০ জুন বিজেপি নেতৃত্বাধীন ‘মোদী ৩.০’ সরকারের প্রথম বর্ষপূর্তি। তার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণের জোর জল্পনা শুরু হয়েছে দিল্লির রাজনৈতিক মহলে।

সরকারি সূত্রে ইঙ্গিত মিলেছে, গত এক বছরে বিভিন্ন মন্ত্রকের কাজের মূল্যায়ন চলছে। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যকলাপও খতিয়ে দেখা হচ্ছে। সেই মূল্যায়নের ভিত্তিতেই আগামী জুনের দ্বিতীয় সপ্তাহে মন্ত্রিসভায় বড়সড় রদবদল হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে।

এখন রাজনৈতিক মহলের নজর আজকের ‘সেবা তীর্থ’ বৈঠকের দিকে। মন্ত্রীদের উদ্দেশে কি কোনও কড়া বার্তা দেবেন প্রধানমন্ত্রী? নাকি এই বৈঠক থেকেই শুরু হবে বড় কোনও রাজনৈতিক সিদ্ধান্তের প্রস্তুতি ও সেটাই এখন দেখার।


Share