Bomb Blast Threat in Flight

আমস্টারডম থেকে হায়দরাবাদগামী বিমানে বোমাতঙ্ক, মাঝ-আকাশে জরুরি সতর্কতা, আতঙ্কে যাত্রীরা

বার্তায় আরও উল্লেখ করা হয়, গন্তব্যে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

প্রতীকী চিত্র।
নিজস্ব সংবাদদাতা, দিল্লি
  • শেষ আপডেট: ১৭ মে ২০২৬ ০৬:১৬

নেদারল্যান্ডসের আমস্টারডম বিমানবন্দর থেকে হায়দরাবাদগামী একটি বিমানে বোমাতঙ্কের জেরে মাঝ-আকাশেই চাঞ্চল্য ছড়াল। সূত্রের খবর, বিমানটি ওড়ার কিছুক্ষণের মধ্যেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের কাছে একটি ইমেল আসে, যেখানে দাবি করা হয় বিমানে বোমা রাখা হয়েছে এবং যে কোনও মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে।

জানা গিয়েছে, ওই ইমেলে হুমকি দেওয়া হয় যে কুয়ালা লামপুর এয়ারওয়েজের হায়দরাবাদগামী বিমানটি উড়িয়ে দেওয়া হবে। বার্তায় আরও উল্লেখ করা হয়, গন্তব্যে পৌঁছানোর আগেই বিস্ফোরণ ঘটতে পারে। এই খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাইলট সঙ্গে সঙ্গে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে জরুরি অবতরণের অনুমতি চান।

এরপরই বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করা হয়। মোতায়েন করা হয় দমকল, অ্যাম্বুল্যান্স এবং উদ্ধারকারী দল। শেষ পর্যন্ত বিমানটি নিরাপদে অবতরণ করে। যাত্রীদের দ্রুত নামিয়ে এনে পুরো বিমানে তল্লাশি চালানো হয়। তবে এখনও পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু মেলেনি বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এর আগেও একাধিকবার বোমাতঙ্কের ঘটনা ঘটেছে। শনিবারও মালয়েশিয়া থেকে আসা এয়ার এশিয়ার একটি বিমানে একই ধরনের হুমকি পাওয়া গিয়েছিল। যদিও সেই ঘটনাতেও কিছু উদ্ধার হয়নি। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


Share